অপহৃত প্রবাসীর স্ত্রী উদ্ধার
চট্টগ্রামের রাউজান থেকে অপহৃত এক প্রবাসীর স্ত্রীকে উদ্ধার করা হয়েছে। গত রোববার রাতে চট্টগ্রামের লালদীঘিরপাড় এলাকার একটি হোটেল থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মো. এমরান ও মো. মুন্না।
সহকারী পুলিশ সুপার (হাটহাজারী অঞ্চল) মশিউদ্দৌলা রেজা প্রথম আলোকে বলেন, গত শনিবার বিকেলে রাউজান কলেজ মাঠে কুটির শিল্প মেলা থেকে ফেরার পথে এক প্রবাসীর স্ত্রীকে অজ্ঞান করে অপহরণ করা হয়। পরে ওই নারীর মাকে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ মুক্তিপণের টাকা দিতে যোগাযোগ শুরু করে। একপর্যায়ে নগরের বহদ্দারহাট থেকে শনিবার সন্ধ্যায় মো. মুন্না নামের এক যুবককে আটক করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে জিইসি মোড় থেকে মো. এমরানকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নগরের একটি হোটেল থেকে প্রবাসীর স্ত্রীকে উদ্ধার করা হয়। তিনি এক সন্তানের জনক। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।