অপহৃত বাবা ও মেয়ের লাশ মিলল হাওরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অপহৃত বাবা-মেয়ের লাশ স্থানীয় পাথার চাউতি হাওর থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় বাবা আবদুল সালাম (৪০) ও গত রোববার রাতে তাঁর মেয়ে রুলি বেগমের (১৭) লাশ ওই হাওর থেকে উদ্ধার করে পুলিশ।

দুজন উপজেলার ইছাকলস ইউনিয়নের পুটিমারা পূর্ব গ্রামের বাসিন্দা। গত শনিবার রাতে একদল দুর্বৃত্ত একই হাওর থেকে বাবা ও মেয়েকে তুলে নিয়ে যায়। পূর্ববিরোধের জের ধরে তাঁদের হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে স্ত্রী ও মেয়েকে নিয়ে উপজেলা সদরে যান আবদুল সালাম। সন্ধ্যায় সেখান থেকে একটি নৌকায় করে তাঁরা বাড়ি ফিরছিলেন। রাত আটটার দিকে তাঁরা তাঁদের গ্রামের কাছাকাছি পাথার চাউতি হাওরে পৌঁছান। নৌকাটি ওই হাওরের একটি তীরে পৌঁছালে একদল মুখোশধারী দুর্বৃত্ত সালাম ও রুলিকে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় সালামের স্ত্রী রুশনা বেগম বাধা দিলে তাঁকে মারধর করে দুর্বৃত্তরা তাঁর স্বামী ও মেয়েকে ধরে নিয়ে যায়। এরপর গ্রামবাসী অনেক খোঁজাখুঁজি করেও তাঁদের পাননি। রোববার সকালে গ্রামবাসী ঘটনাটি পুলিশকে জানান।

রোববার রাত ১২টার দিকে ওই হাওরের ভাটির দিকে ভাসমান অবস্থায় মেলে রুলির লাশ। আর গতকাল সকালে পুলিশ আবদুল সালামের লাশ উদ্ধার করে। গতকাল সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানার পুলিশ লাশ দুটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ বলেছে, দুটি লাশের শরীরেই জখমের একাধিক চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাঁদের শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশ হাওরে ফেলা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েস আলম প্রথম আলোকে বলেন, পূর্ববিরোধের জের ধরে দুজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাবা-মেয়েকে তুলে নেওয়ার সময় রুশনা বেগম একজনকে চিনেছেন বলে পুলিশকে জানিয়েছেন। দুর্বৃত্তদের শনাক্ত করতে রুশনাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে আবদুল সালামের চাচাতো ভাই আবদুর রব ও তিনজন নারীকে আটক করেছে। জমি নিয়ে আটক ব্যক্তিদের সঙ্গে আবদুল সালামের বিরোধ ছিল। শনিবার জমিসংক্রান্ত বিষয় নিয়েই সপরিবারে সালাম উপজেলা সদরে এসেছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। গতকাল রাত নয়টার দিকে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলে ওসি জানান।