অপহৃত ব্যক্তিকে উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের এক দিন পর পুলিশ মো. জয়নাল আবেদীন (৫৫) নামের এক ব্যক্তিকে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় অপহরণের শিকার ব্যক্তি বাদী হয়ে ৯ অপহরণকারী ছাড়াও অজ্ঞাত ১০ জনকে আসামি করে গত সোমবার থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অপহরণের শিকার মো. জয়নাল আবেদীনের বাড়ি দিনাজপুর সদর উপজেলার দাইনুড় গ্রামে। তিনি ধান-চালের ব্যবসা করেন। চাচাতো ভাইয়ের ডাকে গত ২৬ ফেব্রুয়ারি দুপুর ১২টার সময় তিনি দিনাজপুর শহরের উপশহর এলাকার ২ নম্বর ব্লকে তাঁর চাচাতো ভাই শাহবাজ আলী খানের (৬২) বাসায় আসেন। বাসায় পৌঁছার ১০ থেকে ১৫ মিনিট পর ১০ থেকে ১৫ জন ব্যক্তি তাঁকে ওই বাসা থেকে জোর করে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, অপহৃত ব্যক্তির ছেলে মো. মোস্তাক হোসেন (২৭) বিষয়টি পুলিশকে জানান। অপহরণকারীরা মুঠোফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এরপর অপহরণকারীদের কথামতো পুলিশের পরামর্শ অনুযায়ী তিনি (মোস্তাক) গত সোমবার ভোর ৪টা ৩০ মিনিটে দিনাজপুর শহরের গোলাপবাগ এলাকায় যান। সেখানে দুই অপহরণকারীর সঙ্গে মুক্তিপণের টাকা লেনদেনের সময় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদওয়ানুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ দুই অপহরণকারীকে হাতেনাতে ধরে ফেলেন। তাঁরা হলেন শহরের সুইহারী সর্দারপাড়া এলাকার টিনু মিয়ার ছেলে মো. রেজাউল্লাহ্ (২৫), গোলাপবাগ এলাকার মো. হানিফ হাওলাদারের ছেলে মো. ইউসুফ আলী (২২)। পরে অপহরণকারীদের স্বীকারোক্তি অনুযায়ী শহরের গোলাপবাগ মদিনা মসজিদের পাশে কবরস্থান থেকে মুখ-চোখ বাঁধা অবস্থায় মো. জয়নাল আবেদীনকে উদ্ধার করা হয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত মো. রাজুকে (৩৫) গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের বালুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে।

কোতোয়ালি থানার ওসি মো. রেদওয়ানুর রহিম বলেন, এ ঘটনায় জয়নাল আবেদীন বাদী হয়ে তাঁকে অপহরণের ঘটনার সঙ্গে জড়িত চাচাতো ভাই শাহবাজ আলী খানসহ ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে থানায় একটি মামলা করেন। জিজ্ঞাসাবাদ শেষে তিন আসামিকে গতকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।