অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহৃত ব্যবসায়ী সোলাইমান হোসেনকে গত বৃহস্পতিবার রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে। 
ঈশ্বরদী থানার পুলিশ সূত্র জানায়, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় বাসুরিয়া গ্রামের সোলাইমান হোসেন বৃহস্পতিবার ব্যবসার কাজে পাবনায় আসেন। সন্ধ্যায় তিনি সিএনজিচালিত একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় অটোরিকশাচালক পাবনার রামচন্দ্রপুর এলাকার সুজন হোসেন ও তাঁর সহযোগী পাবনা সদর থানার নাজমুল হোসেন ওই ব্যবসায়ী সোলাইমানকে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরে তাঁর মুঠোফোন দিয়ে পরিবারের কাছে মুক্তিপণের জন্য টাকা দাবি করেন। একপর্যায়ে সোলাইমান ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার দিলে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ভবানীপুর এলাকার বাসিন্দারা অটোরিকশাটি আটক করে থানায় খবর দেন।
ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ভবানীপুর থেকে দুই অপহরণকারীকে আটক ও অপহৃত সোলাইমানকে উদ্ধার করে ঈশ্বরদী থানায় নিয়ে আসে। এ ঘটনায় সোলাইমান বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছেন।