অপহৃত ব্যবসায়ী উদ্ধার আটক ১
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের মধুপুরে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) অপহৃত এক ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করেছে। আটক করা হয়েছে অপহরণকারী চক্রের এক সদস্যকে।
গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ওই অভিযান চালানো হয়।
অপহৃত ব্যবসায়ীর নাম আমিরুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার খাসকররা ইউনিয়নের তিওরবিলা গ্রামের বাগানপাড়ার বাসিন্দা। এ সময় অপহৃত ব্যবসায়ীর লুট হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।
গতকাল দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে অপহৃত ও অপহরণকারীকে সাংবাদিকদের মুখোমুখি করা হয়। আমিরুল জানান, দীর্ঘদিন ধরে তিনি খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটার ব্যবসা করেন। গত বুধবার রাতে মোটরসাইকেলে করে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে ৫০০ গজ দূরে ছয়-সাত দুর্বৃত্ত তাঁর পথ রোধ করে। এরপর তাঁর কাছে থাকা ৪৫ হাজার টাকা ও মোটরসাইকেল কেড়ে নেয়।
এ সময় দুর্বৃত্তদের একজন টর্চলাইট দিয়ে তাঁর মাথায় বাড়ি মারে। পরে অপহরণ করে একটি বাড়িতে আটকে রাখে। পুলিশের হাতে আটক হওয়া অপহরণকারী চক্রের সদস্য ইনতাজ তাঁকে পাহারা দিত বলে জানান তিনি।
আমিরুলের ভাই শরিফুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে অপহরণকারীরা তাঁর ভাইয়ের মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে তিওরবিলা পুলিশ ফাঁড়িতে এবং গতকাল সকালে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়।
গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমির আব্বাস জানান, আমিরুলকে মধুপুর গ্রামের মোহাদ্দেস আলীর বাড়ির একটি ঘরে আটকে রাখা হয়েছিল। ঘরের বাইরে এ সময় ইনতাজ অস্ত্র হাতে পাহারায় ছিল।
ইনতাজের দাবি, এলাকার চিহ্নিত অপহরণকারী চক্রের সদস্যেরা তাকে হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে জোর করে মধুপুরে নিয়ে আসে এবং পাহারা দিতে বাধ্য করে। অপহরণকারী চক্রের দুজনের নাম-পরিচয় সে পুলিশকে দিয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি ফারুক হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা করা হবে। অপহরণকারীদের ধরতে অভিযান অব্যাহত আছে।