অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনাসহ গ্রেপ্তার ৫
রাজধানীর আদাবর এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী মোকলেছুর রহমানকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক দুই সেনাসদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, গতকাল রোববার বিকেলে রাজধানীর তুরাগ থানার ফুলবাড়িয়া এলাকা থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেখান থেকে মুক্তিপণের কিছু টাকা উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্যমতে, ২৫ জুন অপহৃত হন মোকলেছুর। এরপর তাঁর পরিবারের কাছে মুঠোফোনে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় মোকলেছুরের পরিবার ২৬ জুন আদাবর থানায় মামলা করে। অবস্থান নিশ্চিত হওয়ার পর গতকাল বিকেলে আদাবর থানার পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় তুরাগ থানার পুলিশ। ফুলবাড়িয়ার একটি বাড়ি থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার ও পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আবদুল গফুর, গোলাম মোহাম্মদ চৌধুরী, মো. আজাদ হোসেন, সোহানুর আলম ও মো. সানাউল্লাহ।
আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, গ্রেপ্তার হওয়া আবদুল গফুর সেনাবাহিনীর সাবেক ল্যান্স করপোরাল ও গোলাম মোহাম্মদ চৌধুরী সার্জেন্ট পদে কাজ করতেন।
মোহাম্মদপুরের ডিসি কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে বিপ্লব কুমার সরকার দাবি করেন, গ্রেপ্তার হওয়া গফুরের সঙ্গে ব্যবসা করতেন মোকলেছুর। ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে মোকলেছুরকে অপহরণ করানো হয়। তাঁর পরিবারের কাছ থেকে নেওয়া মুক্তিপণের এক লাখ ৫৬ হাজার টাকার মধ্যে ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।