অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার জড়িত অভিযোগে আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধার এবং তাঁকে অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাজধানীর মানিকনগরের এক বাসা থেকে ছয়জনকে আটকের কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি জানিয়েছে, অপহরণের শিকার ওই ব্যবসায়ীর নাম হাবিবুর রহমান।
ডিবি জানায়, আটক করা ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। আটক ছয়জন হলেন আবদুল মান্নান, জি এম জুবায়ের আহমেদ, মজিবর রহমান, মাহবুবুর রহমান, জান্নাতুল ফেরদৌস ও বৃষ্টি আক্তার।
রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে গতকাল আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, হাবিবুর রহমান যশোরের বেনাপোলের পুটখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি সিঅ্যান্ডএফ এজেন্ট। তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার জন্য অপহরণকারীরা ব্যবসায়িক কাজের কথা বলে তাঁকে যশোর থেকে ঢাকায় নিয়ে আসে। ২৭ অক্টোবর হাবিবুর বিমানে চড়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সেখান থেকে কমলাপুরে যান। অপহরণকারীরা কমলাপুর থেকে তাঁকে মুগদা থানার মানিকনগরের একটি বাসায় নিয়ে আটকে রাখে। তারা তাঁর কাছে মুক্তিপণ হিসেবে ৬০ লাখ টাকা দাবি করে। টাকা আদায় করার জন্য তাঁকে শারীরিকভাবেও আঘাত করা হয়।
মনিরুল ইসলাম বলেন, অপহরণের খবর পাওয়ার পর থেকেই ডিবি ব্যবসায়ী হাবিবুরকে উদ্ধারে তৎপর হয়। এরই ধারাবাহিকতায় গতকাল সকাল ছয়টার দিকে মানিকনগরের ওই বাসা থেকে তাঁকে উদ্ধার এবং ওই ছয়জনকে আটক করা হয়। অপহরণের পেছনে শুধু কি মুক্তিপণ দাবি, না অন্য কোনো কারণ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অপহরণের ঘটনায় মতিঝিল থানায় মামলা করা হয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান, ডিবির উপকমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।