অপহৃত ব্যাংক কর্মকর্তা উদ্ধার
সিরাজগঞ্জে অপহৃত ব্যাংক কর্মকর্তা মাহবুব আলমকে অসুস্থ অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। গত শনিবার রাত ১০টার দিকে জেলার কামারখন্দ উপজেলার ঝাঐল পদচারী সেতুর কাছ থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশের গুলিতে অপহরণকারী চক্রের দুই সদস্য আহত হয়েছেন।
গুলিবিদ্ধ দুই ব্যক্তি হলেন সদর উপজেলার কান্দাপাড়া এলাকার সুমন মিয়া (২৮) ও চাকলী গ্রামের সালাউদ্দিন আহমেদ (২৮)। উদ্ধার হওয়া ব্যাংক কর্মকর্তা বগুড়ার কাহালু উপজেলার চক্রবিনত গ্রামের বাসিন্দা।
সিরাজগঞ্জ ডিবি (গোয়েন্দা) পুলিশ সূত্র জানায়, একটি বেসরকারি ব্যাংকের চৌহালী উপজেলার এনায়েতপুর বাজার শাখার কর্মকর্তা মাহবুব আলম শুক্রবার দিবাগত রাতে বাসযোগে ঢাকা থেকে আসেন। তিনি শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সিরাজগঞ্জের কড্ডা মোড়ে নামেন। এ সময় পশ্চিম পাশে থাকা দুই ব্যক্তি তাঁকে ধারালো অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। তাঁর কাছে থাকা টাকা, মুঠোফোন ছিনিয়ে নিয়ে হাত, পা, মুখ বেঁধে একটি পাটখেতে আটকে রাখে। পরে মুঠোফোনে অপহরণকারীরা তাঁর স্ত্রীর কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তাঁর স্ত্রী টাকা নিয়ে আসা হচ্ছে বলে অপহরণকারীদের জানিয়ে দেন।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) বেনু রায় বলেন, বিকেল চারটার দিকে অপহৃত ব্যক্তির স্বজনেরা পুরো ঘটনা ডিবি পুলিশকে জানান। রাত ১০টার দিকে তিন লাখ টাকা নিয়ে তাঁর স্ত্রীকে ঢাকা-বগুড়া মহাসড়কের (বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়ক) কামারখন্দ উপজেলার ঝাঐল পদচারী সেতুর কাছে আসতে বলে অপহরণকারীরা। ডিবি পুলিশও ছদ্মবেশে ঘটনাস্থলে যায়।