অপহৃত ব্যাংক কর্মকর্তার ১১ দিনেও সন্ধান নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের ১১ দিন পরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সাবেক শিক্ষার্থী ও ব্যাংক কর্মকর্তা এ আর এম আখতারুজ্জামান কচির সন্ধান মেলেনি। তাঁকে দ্রুত উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ওই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গতকাল সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে এ কর্মসূচি পালিত হয়।
বিভাগের সভাপতি অধ্যাপক আমজাদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন অধ্যাপক এ কে এম আবদুল মজিদ, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম ও আখতারুজ্জামানের স্ত্রী শামীমা জামান।
মানববন্ধনে আখতারুজ্জামানের স্ত্রী শামীমা জামান কান্নায় ভেঙে পড়েন। তিনি কেবল বলতে পারেন, ‘এত দিনেও পুলিশ তাঁর (আখতারুজ্জামান) সন্ধান দিতে পারছে না। আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই। আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
অধ্যাপক আমজাদ হোসেন বলেন, ‘১১ দিন পার হলেও পুলিশ তদন্তে কোনো অগ্রগতি করতে পেরেছে বলে আমরা দেখতে পারছি না। এতে আমরা ক্ষুব্ধ। দ্রুত যদি আখতারুজ্জামানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করতে না পারে, তবে আমরা আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করব।’
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সুশান্ত চন্দ্র রায় বলেন, এখন পর্যন্ত বলার মতো কোনো অগ্রগতি নেই। তবে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত ২১ জানুয়ারি রাজশাহী নগরের নিউমার্কেটের পশ্চিম পাশের সুলতানাবাদ এলাকার নন্দিতা প্রিন্টিং প্রেস থেকে একটি মাইক্রোবাসে করে আখতারুজ্জামানকে তুলে নিয়ে যায় অজ্ঞাতনামা ব্যক্তিরা।