অপহৃত ভারতীয় কিশোর উদ্ধার, আটক ১

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা থেকে অপহৃত ভারতীয় কিশোর দাজেদ সিয়ানলিয়াকে (১৭) উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে উপজেলার আহম্মদনগর এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মো. আলম (৩০) নামে এক বাংলাদেশিকে আটক করেছে।
আটককৃত আলম ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভালুয়াকুড়া গ্রামের বাসিন্দা। তিনি একটি অপহরণকারী চক্রের সদস্য বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তিন দিন আগে আলম ও তাঁর এক সহযোগী বাংলাদেশ-ভারত সীমান্তের সুনামগঞ্জ এলাকা থেকে দাজেদকে অপহরণ করেন। পরে মুঠোফোনে দাজেদের পরিবারের কাছে ৬০ লাখ রুপি মুক্তিপণ দাবি করেন। বিষয়টি দাজেদের পরিবার মেঘালয় রাজ্যের পুলিশকে জানায়। পরে মেঘালয় রাজ্যের খাসিয়া হিল ডিস্ট্রিক্টের পুলিশ সুপার ইমেইলের মাধ্যমে অপহরণের ঘটনাটি শেরপুরের পুলিশ সুপারকে (এসপি) জানায়। এরপর অভিযুক্ত আলমের মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে দাজেদকে উদ্ধার করে এবং অপহরণকারী আলমকে আটক করে। কিশোর দাজেদ সিয়ানলিয়া ভারতের মেঘালয় রাজ্যের নংস্টইন জেলার রেজো ডেফাইমইতের ছেলে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ঝিনাইগাতী থানায় মামলার প্রস্তুতি চলছে। ভাষাগত সমস্যার কারণে উদ্ধারকৃত কিশোরকে জিজ্ঞাসাবাদ করতে সমস্যা হচ্ছে। আটক বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।