অপহৃত মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধরন্তি হাওর এলাকা থেকে আজ সোমবার বেলা দুইটার দিকে অপহৃত এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার তাঁকে উপজেলা শহর থেকে অপহরণ করা হয়।

নিহত ছাত্রের নাম জুনায়েদ মিয়া (১০)। সে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের রফিকুল হকের ছেলে। উপজেলা সদরের আলীনগর ইসলামিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল জুনায়েদ।

পুলিশ ও জুনায়েদের পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় জুনায়েদকে মাদ্রাসা এলাকা থেকে অপহরণ করা হয়। রাত ১০টার দিকে অপহরণকারীরা মুঠোফোনে বিষয়টি তার পরিবারকে জানিয়ে প্রথমে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কিছুক্ষণ পর তারা আবার ফোন করে পাঁচ লাখের পরিবর্তে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

শিশুটির চাচা নাজমুল জানান, অপহরণকারীদের দাবি করা মুক্তিপণের মধ্যে ২০ হাজার টাকা পরিশোধ করা হয়েছিল। আজ বেলা একটার দিকে অপহরণকারীরা তাঁকে মুঠোফোনে জানান, মুক্তিপণের পুরো টাকা না দেওয়ায় এ ঘটনা ঘটানো হয়েছে। নাজমুল বলেন, ‘আর্থিক সংকটের কারণে পুরো টাকা পরিশোধ করতে পারিনি।’

ঘটনাস্থলে উপস্থিত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ প্রথম আলোকে বলেন, ‘পুরো ঘটনাটি আমরা পর্যবেক্ষণের মধ্যে রেখেছি। আশা করি, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে।’

আরো জানতে পড়ুন...