অপহৃত যুবক উদ্ধার পাঁচ অপহরণকারী আটক
সীতাকুণ্ড থেকে অপহৃত যুবককে চট্টগ্রাম নগরের বিশ্ব কলোনির পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত পাঁচ অপহরণকারীকেও আটক করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় অপহৃত যুবক জানে আলমকে উদ্ধার ও পাঁচজনকে আটক করে পুলিশ।
আলমকে চাকরি দেওয়ার কথা বলে অপহরণ করার পর তাঁর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। অপহরণকারীরা হলো মো. ফয়সাল, অভিমিত্র, এরশাদ হোসেন, মো. রাসেল ও রমজান আলী।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে জানান, চাকরি দেওয়ার কথা বলে গত ২৭ মে জানে আলমকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকা থেকে অপহরণ করা হয়। পরে তার পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে লিখিতভাবে জানানো হলে অভিযান চালিয়ে পাঁচ অপহরণকারী ও অপহৃতকে উদ্ধার করা হয়।
অতিরিক্ত উপকমিশনার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ করে পরিবারের কাছ থেকে তারা টাকা আদায় করে থাকে। চক্রের অন্য সদস্যদের ধরতে পুলিশের অভিযান চলছে।