অপহৃত লিপুর লাশ উদ্ধারে পদ্মায় র্যাবের অভিযান
শনিবার বেলা দুইটা বেজে ৩০ মিনিট। কুষ্টিয়া র্যাব-১২ কার্যালয় থেকে খবর আসে কুষ্টিয়া থেকে অপহৃত বেসরকারি বিশ্ববিদ্যায়ের ছাত্র তৌহিদুল ইসলাম ওরফে লিপু অপহরণের মূল হোতা রাকিবুল ইসলাম ওরফে বাপ্পীকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে র্যাব-১-এর সহায়তায় গাজীপুর থেকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পী জানিয়েছেন, ১ সেপ্টেম্বর রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার মাজদিয়া গ্রামে হত্যার পর লিপুর লাশ পদ্মা নদীতে ফেলে দিয়েছেন। এমন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার দুপুরে বাপ্পীকে নিয়ে র্যাব-১২ ও র্যাব-১-এর সদস্যরা মাজদিয়া এলাকায় অভিযান চালান। সঙ্গে ছিলেন এই প্রতিবেদক।
বেলা সাড়ে তিনটার দিকে মাজদিয়া গ্রামের পাশে পদ্ম নদীতে বাপ্পীর দেখানো পাড়ে র্যাবের বেশ কজন সদস্য পানিতে নেমে খোঁজ করেন। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত আড়াই ঘণ্টা পানিতে ও আশপাশে অভিযান চালিয়েও লিপুর লাশ পাওয়া যায়নি। পরে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অধিনায়ক আলী হায়দার সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে প্রথম আলোকে জানান, আজকের মতো অভিযান শেষ। পরে লিপুর বাবা ওয়াহিদুল ইসলাম, মা সামসুন্নাহার ও বোন ফারজানা সুমি সেখানে উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েন। আলী হায়দার লিপুর বাবাকে জড়িয়ে ধরে বলেন ‘সরি’।
তৌহিদুল ইসলাম ওরফে লিপু অগ্রণী ব্যাংক কুষ্টিয়া প্রধান কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ওয়াহিদুল ইসলামের ছেলে। তিনি ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের ছাত্র ছিলেন। গত ২২ আগস্ট চতুর্থ সেমিস্টার পরীক্ষা শেষে ঢাকা থেকে ছুটি কাটাতে কুষ্টিয়ার থানাপাড়ার বাড়িতে আসেন। ৩১ আগস্ট দুপুরে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ১ সেপ্টেম্বর তাঁর বাবা কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর লিপুর ব্যবহৃত মুঠোফোন থেকে তাঁর বাবার মুঠোফোনে কল আসে। এ সময় তাঁকে অপহরণের কথা জানানো হয় ও তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। এরপর মডেল থানায় একটি অপহরণের মামলা হয়। ৬ সেপ্টেম্বর শনিবার শেষবার অপহরণকারীরা মুঠোফোনের মাধ্যমে মুক্তিপণের টাকার জন্য চাপ দেয়। অন্যথায় লিপুকে হত্যা করার হুমকি দেওয়া হয়।
র্যাবের হাতে আটক বাপ্পীর ভাষ্যমতে, ৩১ আগস্ট সন্ধ্যায় তাঁরা ছয়জন মিলে লিপুকে ইয়াবা ও ফেনসিডিল খাওয়ানোর কথা বলে ঈশ্বরদীতে নিয়ে আসেন। সেখানে মাজদিয়া গ্রামের সুমন নামে এক যুবকের পরিকল্পনায় লিপুকে সেখানে নিয়ে ইয়াবা সেবন ও ফেনসিডিল খাওয়ান। পরে রাত ১০টার দিকে তাঁকে সুমনের বাড়িতে রাখেন। ১ সেপ্টেম্বর সারা দিন সুমনের বাড়িতে রাখার পর সন্ধ্যার দিকে মাজদিয়া গ্রামের মাঠে আখখেতে লিপুকে শ্বাসরোধে হত্যার পর বুকে ছুরি দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়। রাত সাড়ে আটটার দিকে ১০টি ইট বেঁধে লাশ পদ্মায় ফেলে দেওয়া হয়। পরে পদ্মাপাড়ের মাটির চাপ ফেলে লাশ চাপা দেওয়া হয়। এ ঘটনায় কুষ্টিয়ায় লিপুর দূরসম্পর্কের এক ভাইসহ ছয়জন জড়িত। লিপুকে হত্যার পর তাঁর বাবার কাছে কয়েক দিনে দফায় দফায় তিন কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল। অপহরণের পর তাঁকে ও শুভকে চিনে ফেলায় লিপুকে হত্যা করে বলে বাপ্পী জানান।