অপহৃত শিশু উদ্ধার, তিন রোহিঙ্গা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অপহরণ করার সাত দিন পর একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। আর এ অপহরণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মিয়ানমারের নাগরিক তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মিয়ানমারের আকিয়াব বলিবাজার মরিক্যং এলাকার হাফেজ আহমেদের ছেলে দুদু মিয়া (২৬) ও খুইল্যা মিয়া (৩৫) এবং মন্ডু এলাকার জকির আলমের ছেলে আবুল হাশেম (২৫)।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার জানান, জেলার সাতকানিয়ার রসুলাবাদ এলাকায় ওসমান গণি চৌধুরী নামের এক ব্যক্তির মাছের খামারে চার মাস আগে নুর আলম নামের এক ব্যক্তি চাকরি নেন। ওই সময় নুর আলম নিজেকে কক্সবাজারের বাসিন্দা পরিচয় দিয়েছিলেন। গত ১৩ অক্টোবর ওসমান গণি তাঁর এক বোনের কাছে ছেলে ইমতিয়াজুর রহমানকে (৯) রেখে হাসপাতালে রোগী দেখতে যান। এ সময় নুর আলম চকলেট দেওয়ার কথা বলে ইমতিয়াজুরকে নিয়ে যান। এরপর থেকে নুর আলম ও ইমতিয়াজুর নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির ছেলেকে না পেয়ে ওসমান সাতকানিয়া থানায় মামলা করেন। ইতিমধ্যে ছেলের মুক্তির জন্য মুঠোফোনে চার লাখ টাকা দাবি করে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। এ ঘটনার তিন দিন পর বিকাশের মাধ্যমে ওসমান ৩০ হাজার টাকা পাঠান। বাকি টাকা গতকাল মঙ্গলবার দেওয়ার কথা ছিল।

পুলিশ সুপার বলেন, নুর আলম শিশুটিকে তাঁর ভাই দুদু মিয়া ও খুইল্যা মিয়ার উখিয়ার বাসায় আটকে রাখেন। ১৬ অক্টোবর শিশুটিকে টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার নিয়ে যান তিনি। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ গতকাল কক্সবাজারের উখিয়া থেকে দুদু ও খুইল্যা মিয়াকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, শিশু ইমতিয়াজুরকে মিয়ানমার নিয়ে গেছে নুর আলম। কিন্তু মুক্তিপণের বাকি টাকা নিতে শিশুটিকে মঙ্গলবার সন্ধ্যায় মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা তমব্রু এলাকায় নিয়ে আসেন নুর আলম। এ সময় ওই পুলিশের উপস্থিতি টের পেয়ে শিশুটিকে রেখে তিনি পাহাড়ে পালিয়ে যান।

পুলিশ সুপার হাফিজ আক্তার আরও বলেন, কয়েক বছর আগে গ্রেপ্তার আসামিরা মিয়ানমার থেকে কক্সবাজার আসে। শরণার্থী পরিচয় দিলেও তাদের নাম তালিকায় নেই। তারা নিজেদের কক্সবাজারের উখিয়ার বাসিন্দা পরিচয় দিয়ে থাকেন।

গ্রেপ্তার তিন আসামি নিজেদের মিয়ানমারের নাগরিক স্বীকার করে সাংবাদিকদের বলেন, বছরখানেক আগে তারা কক্সবাজারের উখিয়ার আসেন। শিশুটিকে অপহরণে তাদের ভাই নুর আলম জড়িত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (উত্তর), অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) নাঈমুল হাছান, সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভূঁইয়া ও সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খোন্দকার।