অপহৃত শিশু ও নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের বাহেরচর ও ভাটপাড়া এলাকা থেকে অপহৃত এক শিশু ও নিখোঁজ এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার ও গত রোববার ওই লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহত শিশু বাহেরচর এলাকার মানিক হোসেন (৩)। ৩০ জুন বাড়ি থেকে সে অপহৃত হয়। অন্যজন হচ্ছে ভাটপাড়া এলাকার আনিসুর রহমান (১৭)। গত বৃহস্পতিবার থেকে সে নিখোঁজ ছিল।
সাভার মডেল থানার পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বেলা একটার দিকে বাহেরচর এলাকার মানিকের বাড়ির পাশের একটি সবজিখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে। পুলিশ মানিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মানিকের বাবা শফিকুল ইসলাম বলেন, ছেলে নিখোঁজ হওয়ার এক দিন পর দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। তাদের দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ছেলে অপহৃত হওয়ার পরপরই তিনি সাভার মডেল থানায় মামলা করতে যান। কিন্তু থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম মামলা না নিয়ে তাঁকে সাধারণ ডায়েরি (জিডি) করতে বলেন। এরপর মানিককে উদ্ধারে পুলিশ কোনো তৎপরতা চালায়নি। এসআই আবদুস সালাম দাবি করেন, মানিক অপহরণ হওয়ার বিষয়ে তাঁরা কোনো অভিযোগ পাননি।
ভাটপাড়া এলাকার আনিসুরের মা হাজেরা খাতুন অভিযোগ করেন, একই এলাকার মনির হোসেন নামে এক তরুণ গত বৃহস্পতিবার বিকেলে তাঁর ছেলেকে বাসা থেকে ডেকে নিয়ে যায়।
এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। মনির ও তার বন্ধুরা মিলে তাকে হত্যার পর লাশ জলাশয়ে ফেলে দেয়। এ ব্যাপারে তিনি সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মনির, তার বন্ধু মিলন ও শরীফকে আসামি করা হয়েছে।