চট্টগ্রামে অপহরণের তিন দিন পর মো. রাব্বী নামের আট বছরের একটি শিশুকে ফটিকছড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে ফটিকছড়ির মাইজভান্ডার এলাকা থেকে তাকে উদ্ধার করে নগর গোয়েন্দা পুলিশ।
অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাজমা আক্তার ও সুইচিং মারমা নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ হাছান চৌধুরী প্রথম আলোকে বলেন, গত শনিবার নগরের খুলশী পলিটেকনিক এলাকায় রাব্বী নামের একটি শিশু বাসা থেকে বের হয়ে দোকানে যায়। এই সময় নাজমা তার সহযোগীদের মাধ্যমে রাব্বীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে রাব্বীর বাবা জাহাঙ্গীর আলমের কাছে এক লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি পুলিশকে জানানো হলে খুলশী থানা ও নগর গোয়েন্দা পুলিশ রাউজান মদনমাল এলাকা থেকে সুইচিং মারমাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাজমাকে একই উপজেলার গহিরা থেকে আটক করা হয়। এরপর ফটিকছড়ির মাইজভান্ডার এলাকা থেকে অপহৃত শিশু রাব্বীকে উদ্ধার করে পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা জানান, ৫ অক্টোবর নগরের ২ নম্বর গেট এলাকা থেকে হাসি নামের তিন বছরে একটি শিশুকে অপহরণ করে তার পরিবারের কাছ থেকে ১৮ হাজার টাকা মুক্তিপণ আদায় করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে গ্রেপ্তার ব্যক্তিরা।