অপহৃত শিশু সাদিয়া উদ্ধার, ব্যবসায়ীর খোঁজ মেলেনি
রাজধানীর দক্ষিণখান থেকে অপহৃত শিশু সাদিয়া আক্তারকে গতকাল বৃহস্পতিবার বিকেলে সায়েদাবাদ থেকে উদ্ধার করেছে র্যাব ও পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে জীবন মণ্ডল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে বিজয়নগরের নিজ ট্রাভেল এজেন্সি থেকে ডিবি পুলিশ পরিচয়ে অপহৃত ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুনকে গতকালও উদ্ধার করতে পারেনি পুলিশ।
পুলিশের সূত্র জানায়, গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণখানে ফরিদ মার্কেট-সংলগ্ন বেবিল্যান্ড ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেনের কেজি ওয়ানের ছাত্রী সাদিয়া আক্তার (৭) বিদ্যালয়ের সামনে থেকে অপহৃত হয়। পরে ফোনে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘট্নায় দক্ষিণখান থানায় হওয়া সাধারণ ডায়েরির (জিডি) তদন্ত শুরু করে দক্ষিণখান থানার পুলিশ ও র্যাব। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ও র্যাব সায়েদাবাদে অপহরণকারীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। গতকাল পুলিশ ও র্যাব অপহরণকারীকে ধরতে ফাঁদ পাতে। অপহরণকারীর দেওয়া ঠিকানা অনুযায়ী সায়েদাবাদের একটি বাসা ঘিরে ফেলে সাদা পোশাকের পুলিশ ও র্যাব। বেলা তিনটার দিকে শিশুটির এক স্বজন অপহরণকারী জীবন মণ্ডলকে (২৫) টাকা দেওয়ার সময় পুলিশ ও র্যাব তাঁকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় শিশুটিকে অক্ষত অবস্থায় জীবনের কাছ থেকে উদ্ধার করে র্যাব-১-এর উত্তরার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
তদন্তের সঙ্গে যুক্ত দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, অপহরণকারী জীবন মণ্ডল সাদিয়াদের ভাড়া বাড়ির নিচতলায় মেসে থাকেন। তাঁর গ্রামের বাড়ি খুলনার দাকোপে। তিনি বেকার। কিছুদিন ধরে শিশুটিকে অপহরণ করে টাকা আয় করার ভাবনা তাঁর মাথায় ঢোকে বলে জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তদন্তকারীরা জানান, বুধবার দুপুরের দিকে যে মুঠোফোন নম্বর থেকে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়েছিল, সেটি দীর্ঘ সময় বন্ধ ছিল। গতকাল ভোরে আবার মুঠোফোনে এক লাখ টাকা দাবি করা হয় এবং টাকা না দিলে সাদিয়াকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। শিশুটির বাবা শফিকুল ইসলাম আওয়ামী লীগের একজন সাংসদের ব্যক্তিগত গাড়িচালক।
ব্যবসায়ী উদ্ধার হননি: বুধবার দুপুরে বিজয়নগরের একটি ভবনের পাঁচতলায় নিজ ট্রাভেল এজেন্সি থেকে ডিবি পরিচয়ে সাত-আটজন ব্যক্তি ব্যবসায়ী মামুনকে তুলে নিয়ে যায়। গতকালও তাঁকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এমনকি কারা বা কী কারণে তাঁকে অপহরণ করেছে, সে বিষয়েও পুলিশ নিশ্চিত হতে পারেনি।
অপহরণের ঘটনায় মামুনের ভাই এমদাদুল হক পল্টন মডেল থানায় যে মামলা করেছেন, তাতেও অপহরণের কারণ উল্লেখ করা হয়নি। স্বজনেরা জানান, সাদাপোশাকে ও অস্ত্রধারী সাত-আটজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে। তাদের বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে।
গতকাল সন্ধ্যায় পল্টন মডেল থানার ওসি মোরশেদ আলম বলেন, মামুনকে উদ্ধারে অভিযান চলছে।