অপহৃত শিশুকে উদ্ধার, গ্রেপ্তার ৫
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা থেকে অপহৃত শিশু তাওহীদ হোসেনকে (৬) গত বুধবার গভীর রাতে ঢাকার সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিঙ্গাইর উপজেলার ভাউরিপাড়া গ্রামের শাহীন হোসেন (২০), রবিন হোসেন (১৮), দরিবাগ গ্রামের সাইফুল ইসলাম (২৫), সাভার ব্যাংক কলোনি এলাকার সোহেল হোসেন (২৫) ও ঢাকার নবাবগঞ্জ উপজেলার সেলেং গ্রামের আল-আমিন (২৩)।
পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্র জানায়, বুধবার দুপুরে সিঙ্গাইরের ভাউরিপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে তাওহীদ এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে বের হয়ে নিখোঁজ হয়। এরপর এলাকায় মাইকিং করেও তাকে পাওয়া যায়নি। ওই রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শাহীন নামের একজনকে আটক করে পুলিশ। রাতে জিজ্ঞাসাবাদে শাহীন অপহরণের কথা স্বীকার করেন। এরপর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত তিনটার দিকে সাভারের ব্যাংক কলোনি এলাকার একটি ভাড়া বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় আরও চারজনকে আটক করা হয়।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, এ ঘটনায় শিশুটির মা কানিজ ফাতেমা একটি মামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং পাঁচ আসামিকে কারাগারে পাঠানো হয়।