অপহৃত শিশুর লাশ উদ্ধার, আটক ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর মোহনপুরে অপহরণের ছয় দিন পর ফজলে হোসেন রাব্বী (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে বেড়াবাড়ি-ডাইংপাড়া মাঠ থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়জনকে আটক করেছে পুলিশ।
রাব্বীর বাবা আলী হোসেন উপজেলার বেড়াবাড়ি গ্রামের বাসিন্দা। রাব্বী বেড়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদের ভাষ্য, ২০ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে রাব্বী নিখোঁজ ছিল। ২২ ডিসেম্বর দুপুরে বেড়াবাড়ি গ্রামের আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি মুঠোফোনে রাব্বীর অপহরণের ব্যাপারটি তার বাবাকে জানান। এ সময় আমিনুল ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। বিষয়টি পুলিশকে অবহিত করলে ২৪ ডিসেম্বর বিকেলে বেড়াবাড়ি গ্রামের আমিনুল ইসলাম (৩০), শাহাবুদ্দিন (২৮) ও পবা উপজেলার বাগধানি গ্রামের জাহাঙ্গীর হোসেনকে (২৮) আটক করে পুলিশ। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী বেড়াবাড়ি-ডাইংপাড়া মাঠ থেকে আজ রাব্বীর লাশ উদ্ধার করা হয়।
ওসি আবদুল হামিদ বলেন, লাশের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করা রয়েছে। একটি হাত পাওয়া যায়নি।

ওসির দাবি, আটক হওয়া ব্যক্তিরা মুক্তিপণের জন্য রাব্বীকে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।