অপহৃত শিশুর লাশ মিলল ড্রামে
অপহরণের চার দিন পর আজ মঙ্গলবার দুপুরে স্কুলছাত্র মো. আবদুল্লাহর (১১) লাশের সন্ধান মিলল তার মায়ের মামা বাড়ির ড্রামে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ ও র্যাব সদস্যরা ঢাকার কেরানীগঞ্জের মুগারচর গ্রামের মোতাহার হোসেনের বাড়ির একটি কক্ষের ড্রাম থেকে আবদুল্লাহর গলিত লাশ উদ্ধার করে। মোতাহার হোসেন সম্পর্কে আবদুল্লাহর মা রিনা বেগমের বড় মামা। তাঁর বাড়ি আবদুল্লাহর বাড়ি থেকে প্রায় ১০০ গজ পশ্চিমে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আজাদ প্রথম আলোকে বলেন, আবদুল্লাহ অপহরণের পর থেকে পুলিশের একাধিক দল মুগারচরসহ বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রাখে। এর ধারাবাহিকতায় আজ দুপুরে মোতাহারের বাড়িতে অভিযান চালানো হয়। দুই তলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে ড্রাম দেখে সন্দেহ হয়। ড্রামের মুখটি খোলামাত্রই দুর্গন্ধ বের হয়। সেখানে আবদুল্লাহর গলিত লাশ পাওয়া যায়। তিনি বলেন, পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোতাহার হোসেনের ছেলে মেহেদী হোসেন (১৯), প্রতিবেশী মো. আল আমিন (২০) ও মো. খোরশেদ আলীকে (৩২) আটক করেছে।
বেলা তিনটার দিকে পুলিশ ও র্যাবের সদস্যরা আবদুল্লাহর লাশ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার পর পর শত শত বিক্ষুব্ধ মানুষ মোতাহারের বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে তারা সেই ভবনে আগুন ধরিয়ে দেয়। একই সময়ে মোতাহারের মেজ ভাই মো. আব্বাসের টিনশেডের দুটি ঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দিলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আবদুল্লাহর বাবা বাদল মিয়া প্রলাপ করতে করতে বলেন, মোতাহারের টাকা দরকার ছিল—ছেলের মা বা আমাকে জানাত। আমি রক্ত বিক্রি করে হলেও টাকা দিতাম। এখন কত টাকা দিলে আমার ছেলেকে জীবিত ফেরত দেবে? এমনভাবে আমার পরানের টুকরারে হত্যা করল, তার কি মায়া লাগে নাই? তিনি মোতাহারের পরিবারের লোকজন ও দোষীদের ফাঁসি চান।
আবদুল্লাহর চাচা মো. কাবিল দাবি করেন, আবদুল্লাহর মুক্তিপণ হিসেবে দুই দফায় এক লাখ করে দুই লাখ টাকা বিকাশ করেছেন তাঁরা। টাকা নেওয়ার পরও ভাতিজাকে খুন করা হলো। তিনি এর উপযুক্ত শাস্তি দাবি করেন।
গত শুক্রবার দুপুরে মুগারচরের বাসা থেকে মাঠে খেলতে যাওয়ার কথা বলে পশ্চিম মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মো. আবদুল্লাহ বের হয়। সন্ধ্যার দিকে তার পরিবারের কাছে মুক্তিপণ বাবদ সাড়ে পাঁচ লাখ টাকা দাবি করে মোবাইল ফোনে কল আসে। ওই রাতেই নিখোঁজের ঘটনায় আবদুল্লাহর নানা মারফত আলী কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আরও পড়ুন: