অপহৃত শিশুসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলায় গতকাল বৃহস্পতিবার অপহৃত শিশু রানু মিয়াসহ (৯) এক অপহরণকারীকে আটক করেছে পুলিশ। রানু জেলার উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্লা সরকারপাড়ার মৃত সাহেদুল ইসলামের ছেলে। সে উলিপুর হাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে চিলমারীর রাজারভিটা গ্রামের সাহেব আলী (৫০) রানুকে রমনা স্টেশন এলাকা থেকে ১০০ টাকার লোভ দেখিয়ে ফুলবাড়ী বালারহাট বাজারে নিয়ে আসেন। এ সময় শিশুটি বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করতে থাকে। শিশুর কান্না শুনে স্থানীয় ব্যবসায়ী উপেন্দ্র নাথের সন্দেহ হয়। তিনি শিশুটির পরিচয় ও সাহেবের সম্পর্ক জানতে চান। এ সময় অপহরণকারী পালাতে চাইলে তাঁকে আটক করা হয়। পরে খবর পেয়ে স্থানীয় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মুসাব্বের আলী শিশুটিসহ অপহরণকারীকে ফুলবাড়ী থানা-পুলিশে সোপর্দ করেন।