অপহৃত সাত জেলের পাঁচজন ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন থেকে অপহৃত সাত জেলের মধ্যে পাঁচজন মুক্তিপণ দিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফিরে এসেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে জানান, সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন থেকে মাছ ধরার অনুমতি নিয়ে গত মঙ্গলবার সাতটি নৌকায় ১৪ জন জেলে সুন্দরবনে যান। পরদিন বুধবার সকালে সুন্দরবনের পোড়াকাটলা ও চালতেবাড়ি এলাকায় সাতটি নৌকা থেকে সাতজনকে বনদস্যু টেংগু বাহিনীর পরিচয়ে অপহরণ করা হয়। পরে সাতজনের মুক্তিপণ বাবদ ২ লাখ ১০ হাজার টাকা দাবি করে দস্যু বাহিনী। এঁদের মধ্যে শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামের নূরুজ্জামান গাজী (৩৫), ছোট ভেটখালী গ্রামের ইয়াকুব আলী (৩২), একই গ্রামের উজ্জ্বল গাজী (২০), হরিনগর গ্রামের আবুল গাজী (৩৮) ও রবিউল ইসলাম (২৮) ১ লাখ ৫ হাজার টাকা মুক্তিপণ দিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকায় ফিরে আসেন।
অন্য দুজন শ্যামনগর উপজেলার শিংহড়তলী গ্রামের শাহাদাৎ হোসেন ও মীরগাং গ্রামের রফিকুল গাজী মুক্তিপণ দিতে না পারায় ছাড়া পাননি। তাঁদের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি।
সুন্দরবনের পশ্চিম বিভাগের সহকারী বন সংরক্ষক কেরামত আলী মল্লিক বলেন, এ বিষয় তাঁদের কেউ কিছু জানায়নি। সাধারণত এ ধরনের ঘটনা ঘটলে জেলেরা নিজেরাই সমঝোতা করে ফেলেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, এ ধরনের কোনো ঘটনা তাঁর জানা নেই।