অপহৃত স্কুলছাত্র নাঈম উদ্ধার
অপহরণের ৭২ ঘণ্টা পর উদ্ধার হলো সিরাজগঞ্জের উল্লাপাড়ার স্কুলছাত্র নাঈম আহমেদ (১০)। সে উপজেলার গারলগাঁতী গ্রামের শরিফুল ইসলামের ছেলে এবং গারলগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
উল্লাপাড়া থানার এসআই আবদুল জলিল বলেন, গত বুধবার বিকেলে অপহরণকারীদের মুঠোফোনের কললিস্ট ধরে নাঈমকে উদ্ধারের জন্য গাজীপুর চৌরাস্তায় অভিযান চালানো হয়। পুলিশের অবস্থান টের পেয়ে অপহরণকারীরা স্থান পরিবর্তন করে ট্রেনে ঈশ্বরদীর দিকে রওনা হয়। পরে গতকাল সকালে ট্রেন থেকে তাকে উল্লাপাড়া রেলস্টেশনে ফেলে দেয়।
থানা-পুলিশ সূত্র জানায়, ২২ জুন সকাল ছয়টার দিকে নাঈম আহমেদ বাড়ির পাশের রাস্তা থেকে অপহৃত হয়। নাঈমের বাবা শরিফুল ইসলাম অভিযোগ করেন, ২৩ জুন সকালে অপহরণকারীরা তাঁর মুঠোফোনে নাঈমের মুক্তির জন্য পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তিনি লিখিতভাবে বিষয়টি পুলিশকে অবহিত করেন।