অপহৃত স্কুলছাত্রীকে ১০ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার একটি বিদ্যালয়ের অপহৃত এক ছাত্রীকে ১০ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ।
ওই অপহরণের ঘটনায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হওয়া মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৮ জানুয়ারি নয়াবাজার উচ্চবিদ্যালয়ের ওই ছাত্রীকে (১৪) বাবুবাজার সেতুর দক্ষিণ পাশ থেকে চার-পাঁচ ব্যক্তি অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে ওই স্কুলছাত্রীর মুঠোফোন নম্বর বন্ধ রয়েছে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে ইউসুফ ও ইব্রাহিম নামের দুজনের নাম উল্লেখ করা ছাড়া আরও দুই-তিনজনকে আসামি করে অপহরণের মামলা করেন।
মামলার বাদী ও অপহৃত স্কুলছাত্রীর বাবা বলেন, অপহরণের ঘটনায় পুলিশ এজাহারভুক্ত ইব্রাহিমকে গ্রেপ্তার করলেও তাঁর মেয়েকে উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় মেয়ের মা অসুস্থ হয়ে গেছেন। তিনি খাওয়া ছেড়ে দিয়েছেন। তিনি বলেন, স্কুলে আসা-যাওয়ার পথে ইউসুফ সরদার নামের এক যুবক তাঁর মেয়েকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এ ঘটনা তাঁর মা-বাবাকে জানালে তাঁরা উল্টো মেয়েকে অপহরণের হুমকি দেন।
ওই ছাত্রীর বাবা বলেন, ‘দারোগার কাছে গেলে তিনি শুধুই কয় দেখতাছি। এ কথা ছাড়া মেয়ে উদ্ধারে আর কোনো অগ্রগতি দেখতাছি না।’
এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী প্রথম আলোকে বলেন, মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে।