অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে বিয়ে করায় বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে বিয়ে করার দায়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত করা ওই শিক্ষকের নাম রুবেল আহমেদ (৩৫)। তিনি উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামের বাসিন্দা। তিনি ২০১৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে ওই বিদ্যালয়ে যোগ দেন।
বিদ্যালয় সূত্র জানায়, রুবেল আহমেদ গত ১৭ ডিসেম্বর বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করেন। বিয়ে নিবন্ধন করেন ব্রহ্মগাছা ইউনিয়নের বিবাহ নিবন্ধনকারী (কাজি) নবাব আলী খান।
তবে মুঠোফোনে নবাব আলী খান বিষয়টি অস্বীকার করে বলেন, তাঁর পক্ষে কাজ করেন এমন কেউ বিয়ে নিবন্ধন করে থাকতে পারেন।
অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে শিক্ষকের বিয়ে করার বিষয়টি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে জানাজানি হলে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তারা ওই শিক্ষকের বিচার দাবি করে ৫ জানুয়ারি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে আবেদন করে। গত মঙ্গলবার এ আবেদন পেয়ে ব্যবস্থাপনা কমিটির সভাপতি হযরত আলী সরকার কমিটির জরুরি সভা আহ্বান করেন। দীর্ঘ আলোচনা শেষে কমিটির সব সদস্যের সম্মতিতে অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে বিয়ে করার অপরাধে শিক্ষক রুবেল আহমেদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন খোন্দকার ওই শিক্ষকের নিয়োগ বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।