অফিশিয়াল পাসপোর্ট জালিয়াতি, পরিচালক গ্রেপ্তার
মিথ্যা তথ্য ও জাল অনাপত্তি সনদ দেখিয়ে সরকারি কর্মকর্তা নন এমন নাগরিকদের ‘অফিশিয়াল পাসপোর্ট’ দেওয়ার ঘটনায় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের তিন কর্মকর্তা-কর্মচারীসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করার পরই দুজনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন ঢাকার আগারগাঁওয়ের বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মুন্সী মুয়ীদ ইকরাম ও একই অফিসের উচ্চমান সহকারী সাইফুল ইসলাম। এ দুজন সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন বেশ কিছুদিন আগে।
দুদকের উপপরিচালক বেনজীর আহমেদ অনুসন্ধান শেষে মামলা করেন। তাঁর নেতৃত্বে গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক উত্তম কুমার বড়ুয়ার সই জাল করে ১৮ জনের নামে অনাপত্তিপত্র তৈরি করেন। পরে পাসপোর্ট অফিসে জমা দিয়ে সাধারণ পাসপোর্টকে অফিশিয়াল পাসপোর্টে রূপান্তর করেন। ওই সব অবৈধ পাসপোর্টের মাধ্যমে পাসপোর্টধারীরা সরকারি কর্মচারী হিসেবে অবৈধভাবে তুরস্কসহ বিভিন্ন দেশে যান এবং পরবর্তী সময়ে গ্রেপ্তার হয়ে দেশের ভাবমূর্তি চরমভাবে নষ্ট করেছেন। এনওসিগুলো জাল ও ভুয়া জানা সত্ত্বেও তা যাচাই না করে পরিচালক মুন্সী মুয়ীদ ইকরামসহ আসামিরা আর্থিকভাবে লাভবান হয়ে ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অফিশিয়াল পাসপোর্ট ইস্যু করেছেন।
প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, মুন্সী মুয়ীদ ইকরামের একটি ব্যাংক অ্যাকাউন্টে ২০১৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে ৪২ লাখ টাকা জমা হয়েছে।
মামলায় বলা হয়, ১৮ জনের নামে পাসপোর্ট তৈরি করে বিদেশে যাওয়ার প্রমাণ পাওয়া গেলেও আরও অনেককে এভাবে পাসপোর্ট দেওয়ার তথ্য রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে মোট ৬৬ জনকে সরকারি পাসপোর্ট দেওয়ার তথ্য পাওয়া গেছে।
তুরস্ক সরকারের এক চিঠির সূত্র ধরে সরকারি কর্মকর্তা সাজিয়ে মানব পাচারের এ ঘটনাটি জানাজানি হয়। গত বছর পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া এক চিঠিতে তুরস্ক বাংলাদেশের সরকারি পাসপোর্ট ব্যবহারকারী এ রকম তিনজনের একটি তালিকা পাঠায়। তুরস্কের পাঠানো ওই অভিযোগের পর বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর বিষয়টি নিয়ে তদন্ত করে এর সত্যতা পায়। কোন কোন কর্মকর্তা এসব পাসপোর্টে স্বাক্ষর করেছেন, কারা সিল মেরেছেন, কার নির্দেশে তা তৈরি হয়েছে—এসব যাচাই-বাছাই করা হয়। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে চিহ্নিত করে অধিদপ্তর। তাঁরা হলেন পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক মো. মুন্সী মুয়ীদ ইকরাম, সহকারী পরিচালক এস এম শাহজাহান, উচ্চমান সহকারী মো. শাহজাহান মিয়া এবং মো. সাইফুল ইসলাম। এই চারজনকেই মিথ্যা তথ্য ও জাল অনাপত্তি সনদ দেখিয়ে সরকারি কর্মকর্তা নন এমন নাগরিকদের ‘অফিশিয়াল পাসপোর্ট’ দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।