অফিস কক্ষে আদালতের সেশন সহকারীর লাশ
পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের সেশন সহকারী রামেশ্বর সাহার (৫০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ১০টার দিকে নিজের অফিস কক্ষ নেজারত শাখা থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আদালতের নৈশ প্রহরী আকবর আলী জানান, রাত নয়টার দিকে দায়িত্ব পালনের সময় আদালতের তৃতীয় তলায় নেজারত শাখায় গিয়ে তিনি দেখতে পান একটি কক্ষের দরজায় তালা খোলা। ভেতরে বাতি জ্বলছে, পাখা ঘুরছে। মানুষের কোনো সাড়া শব্দ নেই। ভেতরে গিয়ে দেখেন গ্রিলের সঙ্গে বাঁধা রশিতে রামেশ্বর সাহার লাশ ঝুলছে।
রামেশ্বর সাহার পৈতৃক বাড়ি নওগাঁয়। চাকরি সূত্রে পঞ্চগড়ে আসেন ’৮৯ সালে। সেই থেকে পঞ্চগড়ে আছেন। শহরের কায়েতপাড়া বাড়ি করেছেন। এখানে বিয়ে করেছেন। দুই কন্যা সন্তানের জনক।
ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ একেএম জেড মুস্তাকিনুর রহমান বলেন, ‘যা দেখেছেন, সেভাবেই লিখবেন।’ পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‘রশিতে ঝোলানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।’