ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে পাঁচজনের প্রাণ কেড়ে নেওয়া অ্যাম্বুলেন্সটির মালিক মফিজুল ইসলামকে ২৫ দিনেও গ্রেপ্তার করতে
পারেনি পুলিশ। মফিজুল ওরফে মাহফুজুল ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের ওয়ার্ডবয়।
গত ১৫ অক্টোবর ‘মানব সেবা’ নামের ওই অ্যাম্বুলেন্সের চাপায় প্রাণহানির ঘটনায় মফিজুলসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়। সূত্র বলেছে, কর্মস্থলে ১৬ দিন অনুপস্থিত থাকার পর ১ নভেম্বর মফিজুল কাজে যোগ দিয়েছেন। তবে শাহবাগ থানার পুলিশ বলছে, তাঁকে পাওয়া যাচ্ছে না।
১৫ অক্টোবর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ফটকে ওই অ্যাম্বুলেন্সের চাপায় শিশু সাকিব (৭), তার মা গোলেনুর, অন্তঃসত্ত্বা আমেনা বেগমসহ পাঁচজন নিহত হন। আমেনার গর্ভের অনাগত সন্তানও মারা যায়। গুরুতর আহত হয় আমেনার আট বছরের ছেলে সজীব। পটুয়াখালীতে দুর্ঘটনায় মাথায় আঘাত পাওয়া সাকিবকে নিয়ে স্বজনেরা চিকিৎসা করাতে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ঢোকার সময় দুর্ঘটনার শিকার হন। ওই সময় অ্যাম্বুলেন্সটি চালাচ্ছিলেন চালকের সহকারী সোহেল মিয়া। ঘটনাস্থল থেকে সোহেল ও অ্যাম্বুলেন্সটি আটক করা হয়। ওই ঘটনায় ওয়ার্ডবয় মাহফুজ, অ্যাম্বুলেন্সচালক সোহাগ ও চালকের সহকারী সোহেলের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়। মফিজুল ও সোহাগ পালিয়ে যান।
হাসপাতালের প্রশাসন সূত্র বলেছে, মফিজুল গত ১৬ থেকে ৩১ অক্টোবর কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তিনি অসুস্থ ছিলেন উল্লেখ করে মেডিকেল সার্টিফিকেট দিয়ে ১ নভেম্বর কাজে যোগ দেন। সেদিন থেকে তিনি নিয়মিত হাসপাতালের হাজিরা খাতায় সই দিচ্ছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম প্রথম আলোকে বলেন, তদন্তে জানা গেছে, মাহফুজ ও নাসিরউদ্দিন নামের একজন অ্যাম্বুলেন্সটির যৌথ মালিক। তিনি বলেন, গ্রেপ্তার করা সোহেল মিয়া কারাগারে আছেন। অ্যাম্বুলেন্সের মালিক মফিজুল, নাসির ও চালক সোহাগকে অভিযান চালিয়ে পাওয়া যাচ্ছে না। তবে তাঁদের ধরতে স্থায়ী ঠিকানা উল্লেখ করে সংশ্লিষ্ট থানায় ইনকোয়ারি স্লিপ পাঠানো হয়েছে।
মফিজুল কর্মস্থলে যাচ্ছেন, তবু গ্রেপ্তার করা হচ্ছে না কেন, জানতে চাইলে উপপরিদর্শক শাহ আলম বলেন, এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে। অনুমতি পাওয়া গেলে তাঁকে হাসপাতাল থেকেও গ্রেপ্তার করা যাবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক খাজা আবদুল গফুর গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘মফিজুল আসামি কি না, তা পুলিশ না বললে কেমনে জানব। পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাঁকে গ্রেপ্তারের অনুমতি দেব।’
ওই ঘটনার পর হাসপাতালের কিছু কর্মকর্তা-কর্মচারীর অ্যাম্বুলেন্স ব্যবসায় জড়িত থাকার তথ্য উঠে আসে। গত ১৬ অক্টোবর হাসপাতাল কর্তৃপক্ষ চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি সূত্র বলেছে, শিগগিরই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। গতকাল দুপুরে ঢাকা মেডিকেলে গিয়ে দেখা যায়, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী পরিচালিত অ্যাম্বুলেন্সগুলো হাসপাতালের সামনের রাস্তায় আগের মতো সারিবদ্ধভাবে রাখা নেই।