অফিস সহকারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর হাসপাতালের অফিস সহকারী ইকবাল হোসেনের বিরুদ্ধে হাসপাতালে স্টেশনারি-সামগ্রী কাজ নিতে প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে। জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে গতকাল বৃহস্পতিবার এ নিয়ে লিখিত অভিযোগ করেছেন কয়েকজন ঠিকাদার।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ইকবাল ওই হাসপাতালের স্টেশনারি দ্রব্য সরবরাহের কাজটি ১০ বছর ধরে তাঁর এক আত্মীয়ের নামে নিয়ে নিজেই তা সরবরাহ করছেন। নিজেই সরবরাহকারী ও বিল প্রস্তুতকারী হওয়ায় ভুয়া বিল-ভাউচার দিয়ে প্রতিবছর ১০ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এবারও তাঁর শ্যালক জগন্নাথপুরের রানীগঞ্জ এলাকার বাসিন্দা আজমল হোসেনের নামে তিনি এ কাজ নিয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট হাসপাতালের স্টেশনারি দ্রব্য সরবরাহের দরপত্র-প্রক্রিয়া সম্পন্ন হয়। চারজন ঠিকাদার এ দরপত্রে অংশ নেন। পরে মূল্যায়ন কমিটি ইকবালের শ্যালক আজমলকে ওই কাজ দেয়।
অভিযোগকারী ঠিকাদারদের একজন আতাউর রহমান বলেন, আত্মীয়ের নামে কাজ নিলেও স্টেশনারি সরবরাহ করেন ইকবাল নিজে। রোগীদের পথ্য সরবরাহসহ আরও অনেক অনিয়মের সঙ্গে তিনি জড়িত। স্থানীয় বাসিন্দা হওয়ায় তাঁর কাছে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা জিম্মি হয়ে আছেন।
ইকবাল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি একজন সামান্য সহকারী। আমার এত ক্ষমতা আর প্রভাব কোথায় থেকে হবে। একজন ঠিকাদারের সঙ্গে আমার পারিবারিক বিরোধ আছে। তিনিই অন্যদের ভুল বুঝিয়ে এসব করিয়েছেন।’ তবে আজমল তাঁর আত্মীয় স্বীকার করে তিনি বলেন, ‘দরপত্রে অংশগ্রহণ করে নিয়মতান্ত্রিকভাবে তিনি কাজ করছেন। একজন কর্মচারী হিসেবে আমি এই কাজ করতে পারি না। কিন্তু আমার কোনো আত্মীয় সেটি করতে পারবে না—এ রকম কোনো বিধান নেই।’
সুনামগঞ্জের সিভিল সার্জন আবদুল হাকিম প্রথম আলোকে বলেন, ‘দরপত্র-প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতার মাধ্যমে সম্পন্ন হয়েছে। এখানে ইকবালের নামে কোনো দরপত্র ছিল না। আমি এখনো ঠিকাদারদের অভিযোগ পড়ে দেখিনি। তবে ইকবালের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’