অফিস সহকারীর বিরুদ্ধে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা ইউএনও কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আতিকুল ইসলাম খানের বিরুদ্ধে ২৪ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। গত মঙ্গলবার ইউএনও বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি করেন।
ইউএনও কার্যালয়, পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, আতিকুল ইসলাম গত তিন বছরের বেশি সময় ধরে পূর্বধলা ইউএনওর কার্যালয়ে কর্মরত আছেন। তাঁর বাড়ি একই উপজেলার ইয়ারন গ্রামে। তাঁর বিরুদ্ধে ইউএনওর ‘বিবিধ হিসাব তহবিল’ থেকে গত বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে ২৪ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। ওই ছয় মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন নূর মোহাম্মদ হোসেন। সোনালী ব্যাংক পূর্বধলা শাখার চলতি হিসাব থেকে সাতটি চেকের মাধ্যমে সাবেক ইউএনও নূর মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত চেক দিয়ে ওই টাকা তোলা হয়।
ইউএনও কার্যালয় সূত্র জানায়, অফিস সহকারী আতিকুল চেকে টাকার অঙ্ক লেখার সময় হিসাবের আগে ও পরে কিছুটা জায়গা ফাঁকা রাখতেন। পরে ফাঁকা স্থানে অতিরিক্ত টাকার অঙ্ক বসিয়ে তা তুলে নিতেন। বর্তমান ইউএনও নমিতা দে গত বছরের ৫ ডিসেম্বর কর্মস্থলে যোগদান করেন। গত দুই মাস আগে আতিকুল ইসলাম একটি চেকে টাকার অঙ্ক বসিয়ে সামনে ও পরে কিছু অংশ ফাঁকা রেখে নমিতা দের কাছে সই করাতে এলে তাঁর সন্দেহ হয়। পরে তিনি বিভিন্ন সময়ে হিসাবের চেক বইয়ের মুড়িতে লেখা টাকার অঙ্কের সঙ্গে ব্যাংক থেকে উত্তোলন করা টাকার গরমিল দেখতে পেয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন।
মামলার পর থেকে অফিস সহকারী আতিকুল ইসলাম পলাতক রয়েছেন। এ ছাড়া মুঠোফোন বন্ধ থাকায় অভিযোগের বিষয়ে চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এ নিয়ে সাবেক ইউএনও নূর মোহাম্মদ হোসেনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর মুঠোফোনও বন্ধ রয়েছে।
এ বিষয়ে ইউএনও নমিতা দে বলেন, অফিস সহকারী আতিকুল ইসলাম চেকের ফাঁকা স্থানে অতিরিক্ত টাকা বসিয়ে ২৪ লাখ ২০ হাজার টাকা তুলেছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আতিকুলের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে। তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিরঞ্জন দেব বলেন, ‘ইউএনওর অভিযোগের পরিপ্রেক্ষিতে আতিকুলের বিরুদ্ধে মামলাটি পুলিশ সুপারের মাধ্যমে আজ (গতকাল বৃহস্পতিবার) দুদক ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালকের কাছে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’