সুনামগঞ্জের ধরমপাশার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের এক অফিস সহকারীর ভুলের কারণে কলেজের তিনজন শিক্ষার্থী গতকাল মঙ্গলবার ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষের পরীক্ষায় অংশ নিতে পারেননি। এ নিয়ে ওই তিন পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ওই অফিস সহকারীর নাম মো. কামরুল ইসলাম। গতকাল তিনি তাঁর নিজের ভুল স্বীকার করেছেন এবং ওই তিনজন শিক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণ ও কলেজের পাওনা বাবদ আদায় করা টাকা ফেরত দিয়েছেন।
বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছর ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কলেজের নিয়মিত ১২০ জন ও অনিয়মিত ৫৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। উল্লিখিত তিনজন বাদে তাঁরা সবাই প্রবেশপত্র পেয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ফরম পূরণ চলাকালীন প্রথম বর্ষের শিক্ষার্থী উমা রানী, জুঁই সরকার ৩ হাজার ৩০০ টাকা ও সুমা আক্তার ২ হাজার ৫০০ টাকা কলেজের অফিস সহকারী কামরুল ইসলামের কাছে জমা দেন। কিন্তু অফিস সহকারী টাকা জমা দিয়ে ফরম পূরণ না করে তা নিজের পকেটে রেখে দেন।
গত সোমবার সকালে কলেজে এসে ওই তিনজন শিক্ষার্থী জানতে পারেন তাঁদের ফরম পূরণের টাকা জমা না হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তাঁদের প্রবেশপত্র পাঠানো হয়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর গতকাল বেলা সোয়া দুইটার দিকে কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম চৌধুরীর কক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় অফিস সহকারী কামরুল ওই তিনজনের কাছ থেকে টাকা জমা রেখেছেন বলে স্বীকার করেন ।
পরীক্ষা দিতে না পারা জুঁই সরকার নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমি প্রস্তুতি নিয়েও অফিস সহকারীর ভুলের কারণে পরীক্ষায় অংশ নিতে পারিনি। এতে আমার খারাপ লাগছে। অফিস সহকারী ভুল স্বীকার করেছেন। কিন্তু আমার জীবন থেকে একটি বছর যে পিছিয়েছে, তার কী হবে?’
অফিস সহকারী মো. কামরুল ইসলাম বলেন, ‘ওই তিনজন শিক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণ ও কলেজের পাওনা বাবদ আমি টাকা জমা নিয়েছি বলে আমার মনে পড়ছে না। আর তা নেওয়া হলেও এটি আমার অনিচ্ছাকৃত ভুল হয়েছে। আমি ওই তিনজন শিক্ষার্থীর টাকাই ফেরত দিয়ে দিয়েছি।’
কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম চৌধুরী বলেন, ওই তিনজন শিক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণ ও কলেজের পাওনা বাবদ টাকা নিজ পকেটে জমা রেখে অফিস সহকারী মো. কামরুল ইসলাম চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। তাই দায়িত্বে অবহেলার কারণে তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।