অফিসে ঢুকে নারীকে ছুরি মেরে জখম
ফরিদপুরের ভাঙ্গায় অফিসে ঢুকে এক নারীকে ছুরি মেরে আহত করার অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ছুরিকাঘাতে আহত ওই নারী ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় তাঁর ওপর হামলা করা হয় বলে সাবিনা খাতুন নামে ওই নারী ও তাঁর স্বামী অভিযোগ করেছেন।
ভাঙ্গা উপজেলা সদরের গ্রিন টাওয়ারে অবস্থিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। রাজবাড়ীর পাংশার বাসিন্দা সাবিনা খাতুন (৩০) গত রোববারই ওই প্রতিষ্ঠানে অফিস সহকারী পদে যোগ দেন। তাঁকে ছুরিকাঘাত করার দায়ে অভিযুক্ত আতাউর রহমান (৩৫) পাবনা জেলার সুজানগরের বাসিন্দা।
সাবিনা খাতুন গতকাল সাংবাদিকদের বলেন, ‘অনেক দিন ধরে আতাউর প্রেমের প্রস্তাব দিচ্ছিলেন। থানায় জিডি করেও প্রতিকার পাইনি। সকালে তিনি এসে আমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।’
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, সাবিনার হাতে, গলায় ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
সাবিনার স্বামী জহুরুল হক বলেন, ‘আমি ঢাকায় চাকরি করি। মঙ্গলবার পৌনে ১০টার দিকে আতাউর ফোনে আমার স্ত্রীকে কোপানোর কথা জানায় এবং আমাকেও কোপানোর হুমকি দেয়। ২০১৫ সালে আমাদের বিয়ে হওয়ার পরও সাবিনাকে উত্ত্যক্ত করত আতাউর।’
ভাঙ্গা থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ বলেন, আতাউর ভাঙ্গায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তাঁর বিরুদ্ধে সাবিনার স্বামী লিখিত অভিযোগ দিয়েছেন।