অবনী ফ্যাশনের ১ কোটি ৫৩ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের অবনী ফ্যাশন লিমিটেডের ১ কোটি ৫৩ লাখ টাকা ছিনতাই হয়েছে। মোটরসাইকেল দিয়ে ব্যারিকেড তৈরি করে কয়েকজন যুবক প্রতিষ্ঠানের গাড়িতে থাকা এই টাকা ছিনিয়ে নেয়।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাভারের হেমায়েতপুরের নাজিমনগর এলাকায় এ ঘটনা ঘটে। অবনী ফ্যাশনের কর্মীদের বেতন দেওয়ার জন্য এই গ্রুপের আরেক প্রতিষ্ঠান অবনী নিটওয়্যারের কার্যালয় থেকে চারটি ব্যাগে করে দুই কোটি টাকা নিয়ে গাড়িটি ২০০ গজ দূরে অবনী ফ্যাশনের কার্যালয়ের দিকে যাচ্ছিল। গাড়িটি বাঁক ঘুরে সড়কের বিপরীত পাশে যাওয়ার সময় বাঁকে দুটি মোটরসাইকেল সামনে এসে দাঁড়িয়ে ব্যারিকেড তৈরি করে। এরপর আরেকটি মোটরসাইকেল এসে দাঁড়ায়। ছিনতাইকারীরা ক্রিকেট ব্যাট দিয়ে গাড়িটির কাচ ভেঙে ফেলে। তারা গাড়িটির ব্যাক ডালায় থাকা দুটি ব্যাগ ও পেছনের সিটে থাকা আরেকটি ব্যাগ নিয়ে চলে যায়। অবশ্য ব্যাক ডালায় আরেকটি ব্যাগ ছিল। ওই ব্যাগে ৪৭ লাখ টাকা ছিল। এই ব্যাগটি ছিনতাইকারীরা নেয়নি।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। অবনী কমপ্লেক্সের নির্বাহী পরিচালক নাজমুল ইসলাম তাঁদের প্রতিষ্ঠানের ১ কোটি ৫৩ লাখ টাকা ছিনতাইয়ের কথা নিশ্চিত করেছেন।