অবমাননা, পুরোহিতদের মারধরের অভিযোগে চার যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঐতিহাসিক কান্তজীউ মন্দিরের পবিত্রতা নষ্ট ও পুরোহিতদের মারধরের অভিযোগে চার যুবকের প্রত্যেককে দুই মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার ওই চার যুবককে আটক করে এ রায় দেন আদালত।
কান্তজীউ মন্দিরের পুরোহিতরা জানান, গতকাল সকালে চার যুবক জুতা পায়ে মন্দিরে প্রবেশ করেন। তাঁরা মন্দিরের বিভিন্ন অংশে ঘোরাফেরা করার সময় সিগারেট পানসহ বিভিন্ন নেশা করতে থাকেন। নিষেধ করলে যুবকেরা পুরোহিতদের মারধর শুরু করেন। খবর পেয়ে মন্দির কমিটির দুই সদস্য পুলিশকে খবর দেন। এরপর মন্দির প্রাঙ্গণে অবস্থানকারী ও কাহারোল থানা-পুলিশ মিলে যুবকদের আটক করে।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পৃথ্বিশ কুমার সরকার বলেন, দুপুরে আটক চার যুবককে পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল চারজনের প্রত্যেককে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। সাজাপ্রাপ্তরা হলেন কাহারোল উপজেলার দ্বীপনগর গ্রামের সফি উদ্দীনের ছেলে সোহানুর রহমান (২২), সামসুদ্দিনের ছেলে আলআমিন (২২) ও রোস্তম আলীর ছেলে সবুজ আলী (২০) এবং ভাতগাঁও গ্রামের কামরুজ্জামানের ছেলে নাহিদ রহমান (২৩)।