অবমাননাকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেপ্তার
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়া থেকে মো. সাইফুল ইসলাম (২০) নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মাদার্শা ইউনিয়নের মধ্যম মাদার্শা চেয়ারম্যানপাড়ার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, মো. সাইফুল ইসলামের বড় ভাই মো. সহিদুল ইসলাম সৌদি আরবে বসে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করতেন। ওই মন্তব্যগুলো সাইফুল ইসলাম ফেসবুকে শেয়ার করতেন। গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে গতকাল মঙ্গলবার রাতে প্রমাণসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, সাইফুল ইসলাম শিবিরের কর্মী। দীর্ঘ দিন ধরে সাইফুল ও তাঁর বড় ভাই ফেসবুকে সরকার ও সরকার প্রধানের পরিবার নিয়ে অবমাননাকর মন্তব্য প্রকাশ করে আসছেন। তাঁদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।