অবরোধের চেয়ে হরতালে আতঙ্ক বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধে দোকানপাট খোলা এবং দূরপাল্লার বাস চলাচল করলেও হরতালে দেখা যায় ভিন্ন চিত্র। যান চলাচল মোটামুটি স্বাভাবিক থাকলেও হরতালে দোকানপাট, পরিবহন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর অধিকাংশ বন্ধ থাকছে। মানুষের মধ্যে ভর করছে অজানা আতঙ্ক।
গতকাল মঙ্গলবার খুলনার দৌলতপুর থেকে শিববাড়ী, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, শেরেবাংলা রোড, স্টেশন রোড, ডাকবাংলো মোড়, ক্লে রোড, লোয়ার যশোর রোড, খান এ সবুর রোড, কে ডি ঘোষ রোড, সিমেন্ট্রি রোডসহ নগরের প্রধান প্রধান অঞ্চল ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, নগরে রিকশা ও ইজিবাইক চলছে। অন্য দিনের তুলনায় মানুষের ভিড় কম। জলিল মার্কেট, খলিল চেম্বার, আখতার চেম্বারের মতো বিপণিবিতান যেগুলো অবরোধের সময় খোলা থাকত সেগুলো বন্ধ।
এ সময় বন্ধ থাকা বিপণিবিতানগুলোর নাম টুকতে টুকতে একজন তরুণ পাশে এসে দাঁড়ান। তাঁর সঙ্গে আলাপে জানা গেল, গত সোমবার তাঁর কাপড়ের দোকানে একটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। সেই থেকে আতঙ্কে আছেন, কখন জানি আবার বড় কোনো দুর্ঘটনা ঘটে।
জানুয়ারির ৬ তারিখ থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচিতে খুলনায় তেমন কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। পরিস্থিতি বদলে যায় গত বৃহস্পতিবার লাগাতার হরতালের ঘোষণাটি আসার পর। সেদিন রাতেই শহরের কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটে। পরে কয়েক দিনে খুলনা রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শকের বাসার সামনে ও পুলিশ সুপারের কার্যালয়েও ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ছাড়া একটি ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা এবং দুটিতে ককটেল নিক্ষেপ করা হয়। এর আগে খুলনায় বিএনপিসহ ২০-দলীয় জোটের মিছিল ও সমাবেশ ছিল নিয়মিত ঘটনা।
তবে বৃহস্পতিবারের পর থেকে তাঁরা এখন পর্যন্ত কোনো সমাবেশ কিংবা মিছিল করতে পারেনি। একই সঙ্গে বৃহস্পতিবার রাত থেকেই শহরে বিজিবি ও পুলিশের টহল বেড়েছে। মোড়ে মোড়ে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের জন্যও দাঁড় করানো হচ্ছে অনেককে। এ ছাড়া গত বৃহস্পতিবার থেকে কে ডি ঘোষ রোডে খুলনা মহানগর বিএনপির কার্যালয়ের সামনে কেউ দাঁড়াতে পারছেন না।