অবরোধ-হরতালে ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপাকে
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজারের চানাচুর বিক্রেতা গোলাম রব্বানী (৪০) গতকাল সোমবার সকালে গালে হাত দিয়ে বসে আছেন। ফুটপাতে দোকান খুলে বসে আছেন তিনি; কিন্তু অবরোধ আর হরতালের কারণে ক্রেতা নেই বললেই চলে।
গোলাম রব্বানী জানান, সমিতি থেকে ঋণ নিয়ে ব্যবসা করছেন তিনি, প্রতিদিন ২০০ টাকা পরিশোধ করার কথা। কিন্তু গত এক সপ্তাহে এক পয়সাও পরিশোধ করতে পারেননি তিনি। সংসারের জন্য বাজার করার টাকাও আয় হয়নি তাঁর। অসুস্থ বাবার জন্য ওষুধ বাবদ দিনে ১০০ টাকা খরচ হয়। সেই টাকাও দিতে পারছেন না। কীভাবে এসব সমস্যার সমাধান হবে, তা নিয়েই ভাবছেন তিনি।
অবরোধ ও হরতালের মতো কর্মসূচির কারণে তাঁর মতো এ উপজেলার জনজীবন ক্রমেই আরও বিপন্ন ও বিপর্যস্ত হয়ে পড়ছে। চলমান রাজনৈতিক অস্থিরতায় সবচেয়ে আগে নাকাল হয়ে পড়ছেন উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ীরা।
উপজেলার মহাস্থান, শিবগঞ্জ সদর ও মোকামতলা বাজার এলাকার সাত-আটজন ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, এমনিতেই এবার তাঁদের বেচাবিক্রি ভালো যাচ্ছে না। এরই মধ্যে শুরু হয়েছে টানা অবরোধ আর হরতাল। এটা মড়ার ওপর খাঁড়ার ঘা। ব্যবসায় ধস নামায় পরিবার-পরিজন নিয়ে অনেকটা না খেয়েই তাঁদের দিন পার করতে হচ্ছে।
মহাস্থান বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আফজাল হোসেন বলেন, ‘গত দুই দিন টাকার অভাবে শিশুসন্তানের জন্য দুধ কিনতে পারিনি।’
এদিকে কোনো আতঙ্কই ভটভটিচালক কালাম হোসেনকে (৩৫) ঘরে আটকে রাখতে পারেনি। অবরোধ-হরতাল উপেক্ষা করেই তিনি অটোরিকশা নিয়ে সড়কে নেমেছেন রোজগারের আশায়। আমতলী বাজারে তাঁর সঙ্গে কথা হয় দুপুরে। তিনি বলেন, ‘জীবনের চেয়ে বড় হয়ে গেছে টাকা রোজগার। ঘরে বসে থাকলে জীবন নিরাপদ, কিন্তু সংসার চলবে কী করে। ধার-দেনার পথও বন্ধ হয়ে গেছে। গাড়ি নিয়ে না বের হলে স্ত্রী-সন্তান নিয়ে না খেয়ে থাকতে হবে। কিন্তু সড়কে এসেও যাত্রী পাওয়া যাচ্ছে না। অনেকে ভাঙচুর ও আগুন লাগানোর ভয়ে গাড়িতে উঠতে চায় না। কীভাবে মহাজনের পাওনা মেটাব, সারাক্ষণ সেই চিন্তায় থাকতে হচ্ছে।’ তাঁর মতো অনেক ভটভটিচালকের একই অবস্থা।
উপজেলা সদরের ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩৮) জানান, বসে বসে পুঁজি খাওয়া শেষ। এভাবে দেশ চললে তাঁদের না খেয়ে মারা পড়তে হবে। আরেক ক্ষুদ্র ব্যবসায়ী তাজুল ইসলাম (৩৫) বলেন, ‘দেশের পরিবেশ স্বাভাবিক হচ্ছে না। এভাবে চলতে থাকলে গরিব মানুষগুলো বাঁচবে কীভাবে? সবাই আছে নিজ নিজ ধান্দা নিয়ে। আমাকেরে গরিব মানুষদের কীভাবে দিন যায়, সে খবর কেউ রাখে না।’