অবরোধকারীদের ছোড়া ইটে অটোরিকশার যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অবরোধকারীদের ছোড়া ইটের আঘাতে ইসমাইল হোসেন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। হামলার সময় তিনি সিএনজিচালিত অটোরিকশায় ছিলেন। হামলায় চালক শিখর (২৫) আহত হয়েছেন।

আজ বুধবার বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা পৌনে একটার দিকে ইসমাইলের মৃত্যু হয়। ইসমাইল হোসেন জেলার শাহজাদপুর উপজেলার জংলিদহ গ্রামের মৃত শমসের ফকিরের ছেলে।
আহত চালক শিখর জানান, আজ ভোরে সিরাজগঞ্জের হাটিকুমরুল রোড গোলচত্বর থেকে যাত্রী নিয়ে শাহজাদপুরে যাচ্ছিলেন তিনি। অটোরিকশাটি ভোর সাড়ে ছয়টার দিকে নগরবাড়ি-বগুড়া মহাসড়কের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড থেকে ৩০০ মিটার উত্তরের রাস্তায় পৌঁছালে কয়েকজন অবরোধকারী ইটপাটকেল ছোড়া শুরু করে। এতে চালকের পাশে বসা ইসমাইলের মুখ ও মাথায় ইট লাগে। একটি ইট চালকের শরীরেও লাগে।
প্রথমে দুজনকে উল্লাপাড়া ২০ শয্যার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ওখান থেকে ইমাইলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা পৌনে একটার দিকে তিনি মারা যান।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, ‘বিষয়টি শুনেছি। তদন্ত করে দেখা হচ্ছে।’
অটোরিকশার আহত চালক শিখরের বাড়ি উল্লাপাড়ার কাওয়াক গ্রামে।