অবরোধকারীদের ধাওয়ায় আহত স্কুলশিক্ষকের মৃত্যু
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার গ্রামীণ ব্যাংক সুইগ্রাম এলাকায় অবরোধকারীদের ধাওয়ায় ভটভটি উল্টে আহত স্কুলশিক্ষক আলতাফ হোসেন (৪৫) আজ শনিবার বিকেলে মারা গেছেন। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নিহত স্কুলশিক্ষক উপজেলার মহদিপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি উপজেলার ছোট ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পলাশবাড়ি থানা পুলিশ ও নিহত স্কুলশিক্ষকের পারিবারিক সূত্র জানায়, আলতাফ হোসেন গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে পলাশবাড়ি থেকে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিযোগে বাড়ি যাচ্ছিলেন। তিনি গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের গ্রামীণ ব্যাংক সুইগ্রাম এলাকায় পৌঁছলে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের সমর্থক অবরোধকারীরা ভটভটিকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে দ্রুতগতিতে চালাতে গিয়ে ভটভটি উল্টে যায়। এতে আলতাফ হোসেন ও চালকসহ পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত আলতাফ হোসেনকে ওই দিন দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সাড়ে তিনটার দিকে তিনি মারা যান। আজ সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। অন্য আহত লোকজনকে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, অবরোধকারীদের ধাওয়ায় ভটভটি উল্টে আহত পাঁচজনের মধ্যে শিক্ষক আলতাফ হোসেন আজ মারা গেছেন।