অবরোধকারীদের হামলায় আহত স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধের মধ্যে সহিংসতার ঘটনায় মৃত্যু হয়েছে আরও একজনের। গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবরোধকারীদের হামলায় আহত এক স্কুলছাত্র গতকাল শনিবার মারা গেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ কর্মসূচির ১২তম দিন ছিল গতকাল। গত শুক্রবার রাতে ও গতকাল ঢাকাসহ ছয় জেলায় ২০টি যানবাহনে আগুন ও ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে ঢাকায় সাতটি ও বরিশালের গৌরনদীতে একটি বাসে ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি ধানবোঝাই ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। আর সিরাজগঞ্জ, বরিশাল ও লক্ষ্মীপুরের কমলগঞ্জ ও নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাসহ ১১টি যানবাহন ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন।
৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে অবরোধ চলছে ৬ জানুয়ারি থেকে। তবে সহিংসতা শুরু হয় ৪ জানুয়ারি থেকেই। ওই দিন থেকে গতকাল পর্যন্ত ১৪ দিনে সহিংসতায় নিহত হয়েছেন ২৬ জন। আহত পাঁচ শতাধিক। গতকাল সন্ধ্যা পর্যন্ত আগুন দেওয়া হয় ২১৬টি যানবাহনে। ভাঙচুর করা হয় অন্তত ৩১৬টি।
অবরোধ ও হরতালের মধ্যে এসব সহিংসতায় দায়ের করা মামলার আসামি এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে শুক্রবার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত আট জেলা থেকে বিএনপি-জামায়াতের ১৩১ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা ও দলীয় নেতা-কর্মীদের আটকের প্রতিবাদে আজ রোববার রাজশাহী বিভাগের আট জেলা ও বরিশাল বিভাগের ছয় জেলা এবং কুমিল্লা, নোয়াখালী, গাইবান্ধা, পিরোজপুর এবং খুলনার তিন উপজেলায় হরতাল ডেকেছে বিএনপি-জামায়াত। এ ছাড়া রাজশাহীর আট জেলায় কাল সোমবারও হরতালের ডাক দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে আহত স্কুলছাত্রের মৃত্যু: শিবগঞ্জ উপজেলার শেখটোলা এলাকায় অবরোধকারীদের হামলায় আহত স্কুলছাত্র রাজন আলী (১৫) শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। সে শিবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীনের ছেলে।
নিহত রাজনের ভাই মোহাম্মদ রুবেল অভিযোগ করেন, বৃহস্পতিবার পুলিশ ও বিজিবির অভিযানের পর রাজনের ওপর হামলা চালায় বিএনপি-জামায়াতের লোকজন। তাকে গুরুতর আহতাবস্থায় প্রথমে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মারা যায় সে। রাজন আলী উজিরপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। ময়নাতদন্ত শেষে তার লাশ শিবগঞ্জে আনা হচ্ছে।
শিবগঞ্জ থানার ওসি এম এম মঈনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা লোকমুখে বিষয়টি জেনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।’
অবরোধে ঢাকার চিত্র: ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল সকাল থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত রাজধানীতে পাঁচটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। সকাল সাতটার দিকে মিরপুর ১৩ নম্বরে, সকাল আটটার দিকে রায়েরবাগে, বিকেল পাঁচটার দিকে টেকনিক্যাল মোড়ে ও সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একই এলাকায় এবং সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডি ৩ নম্বরে বাসে আগুন দেওয়া হয়।
সকালে রায়েরবাগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় পাশের অন্য একটি বাসের যাত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের এক ছাত্রীসহ তিনজন আহত হয়েছেন।
আহত এই ছাত্রীর নাম সুলতানা ইসলাম। তাঁর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। সুলতানার সহপাঠীরা জানান, সকালে বাসে করে (স্বদেশ পরিবহন) বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে আসছিলেন সুলতানা। বাসটি রায়েরবাগ এলাকায় এলে সামনে থাকা ‘প্রাইম প্লাস’ নামের আরেকটি বাস ভাঙচুর ও আগুন দেয় অবরোধ-সমর্থকেরা। এ সময় বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে বাঁ পায়ে ব্যথা পান সুলতানা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বলেন, সুলতানাকে প্রথমে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিন যুবক টেকনিক্যাল মোড়ে একটি বাসে আগুন দেন। তখন স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করে এক যুবককে ধরে ফেলেন। তাঁকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আঙ্গুর নামের ওই যুবক জানিয়েছেন, হেমায়েতপুর থেকে তাঁরা তিনজন ঢাকায় এসেছেন। পালিয়ে যাওয়া দুজনের নামও বলেছেন তিনি।
ঢাকার বাইরে সহিংসতা: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকার বেলাল মিয়ার পোলের গোড়া নামক স্থানে চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কে সন্ধ্যা সাতটার দিকে অবরোধের সমর্থকেরা আকস্মিক গাড়ি ভাঙচুর শুরু করে। ১৫-২০ মিনিটের মধ্যে তারা পাঁচটি অটোরিকশা ভাঙচুর করে। এ সময় জালাল উদ্দিন (৩৫) নামের এক অটোরিকশাযাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাঁর বাড়ি বেগমগঞ্জ উপজেলার বসন্তেরবাগ গ্রামে।
বেগমগঞ্জ থানার ওসি মো. আইনুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল; কিন্তু যানবাহন ভাঙচুরকারীদের কাউকে খুঁজে পায়নি।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ-মতিরহাট সড়কের বলীরপোল এলাকায় শুক্রবার রাত ১০টার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় অটোরিকশাচালক মো. সোহেলকে কুপিয়ে জখম করা হয় এবং মো. জাহাঙ্গীর ও নাফিজ নামের দুই যাত্রীকে মারধর করা হয়। সোহেলকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে এবং জাহাঙ্গীর ও নাফিজকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোহেল কমলনগরের উত্তর চরলরেন্স এলাকার সুলতান আহমদ ভান্ডারীর ছেলে এবং চরমার্টিন ইউনিয়ন যুবলীগের কর্মী।
২০-দলীয় জোটের ১০-১২ জন অবরোধকারী মুখোশ পরে ওই হামলা চালায় বলে অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটা এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে শুক্রবার দিবাগত রাতে ধানবোঝাই একটি ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার এসআই ফজলু মিয়া গতকাল সন্ত্রাস দমন আইনে মামলা করেন। মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ৪০ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং ৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল সকালে কামারদহ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি রাশেদ মিয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়।
বরিশালের গৌরনদীর কাসেমাবাদ ও মাহিলাড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে শুক্রবার রাতে একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাক ভাঙচুর করে অবরোধকারীরা।
শুক্রবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজারে তিনটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় অটোরিকশার তিন চালক গুরুতর আহত হন। তাঁদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই রাতে জেলার বেলকুচি উপজেলা পরিষদ কমপ্লেক্সসংলগ্ন এলাকায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
{প্রথম আলোর প্রতিনিধিদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি}