অবরোধে উপস্থিতি কমেছে স্কুল-কলেজে
টানা অবরোধে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কমে গেছে। সময়মতো যানবাহন না পাওয়া ও হামলার আশঙ্কায় দূরবর্তী এলাকার শিক্ষার্থীরা আসছে না।
সরেজমিনে উপজেলার মতলব ডিগ্রি কলেজ, রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ, মুন্সিরহাট কলেজ, মতলব জে বি পাইলট উচ্চবিদ্যালয়, মতলব পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, কাজী সুলতান আহম্মেদ উচ্চবিদ্যালয়সহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। শ্রেণিকক্ষে শিক্ষার্থী না পেয়ে কয়েকজন শিক্ষক বাইরে বসে আছেন।
সদরের মতলব জে বি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বোরহানউদ্দিন জানান, তাঁর বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫০। অবরোধের কারণে ১৫-১৬ দিন ধরে গড়ে প্রতিদিন উপস্থিত ছিল সাত শতাধিক শিক্ষার্থী। অন্যান্য বছর এ সময়ে শিক্ষার্থীদের উপস্থিতি ৯০ শতাংশের বেশি ছিল।
মতলব ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আসাদুর রহমান জানান, তাঁর কলেজে প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে গত কয়েক দিনে গড়ে উপস্থিত ছিল ৭০০ জন।
উপজেলার মুন্সিরহাট কলেজের অধ্যক্ষ আবদুল মালেক জানান, তাঁর কলেজে শিক্ষার্থী ৫৬৫ জন। অবরোধ-হরতালের কারণে প্রতিদিন কলেজে অর্ধেকের বেশি শিক্ষার্থী অনুপস্থিত থাকছে।
উপজেলার উদ্দমদী গ্রামের বাসিন্দা মতলব ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মো. লিমন বলেন, ‘সকালে প্রায়ই রাস্তায় গাড়ি চলা বন্ধ থাকে। অনেক সময় গাড়ি পেলেও পিকেটারদের হামলার ভয় থাকে। এ জন্য প্রতিদিন কলেজে যাই না।’
একই কলেজের শিক্ষার্থী ও বরদীয়া গ্রামের বাসিন্দা সুমাইয়া আকতার বলেন, কলেজে আসার পথে দুই-তিনবার পিকেটাররা গাড়ি থেকে তাঁদের নামিয়ে দিয়েছে। এ ছাড়া সময়মতো যানবাহনও পাওয়া যায় না। তাই নিয়মিত কলেজে আসেন না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজিমউদ্দিন বলেন, ‘গত বৃহস্পতিবার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে উপজেলা পরিষদে সভা করেছি। এতে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর জন্য তাঁদের পরামর্শ দেওয়া হয়েছে।’