অবরোধে দুর্ভোগ আতঙ্ক
সারা দেশে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধের কারণে গাইবান্ধায় মানুষ দুর্ভোগে পড়েছে। লোকজন ঘর থেকে বাইরে না আসায় রিকশা, ভ্যানচালকসহ নানা শ্রেণির মানুষের আয়রোজগার কমে গেছে।
অবরোধের কারণে যানবাহন অনেক কম চলাচল করায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। যানবাহনে আগুন দেওয়ায় আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে।
গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর গ্রামের হারুন মিয়া (৫৫) বাসচালকের সহকারী হিসেবে কাজ করে প্রতিদিন ১৫০ থেকে ২০০ টাকা পান। ওই টাকা দিয়েই কোনো রকমে তাঁর সংসার চলে। ছয় দিন ধরে বাস বন্ধ থাকায় সুদের ওপর টাকা নিয়ে দিন পার করছেন। তাঁর মতো অনেককেই এভাবেই চলতে হচ্ছে।
গত রোববার বিভিন্ন পেশার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অবরোধের কারণে তাঁরা ভালো নেই। সদর উপজেলার খোলাহাটি গ্রামের রিকশাচালক কাজল মিয়া জানান, অবরোধের কারণে মানুষ কোথাও যেতে পারছে না। কয়দিন ধরে আয় ভালো না হওয়ায় তাঁকে ধার করে চলতে হচ্ছে।
গাইবান্ধা শহরের ভিএইড সড়কের মিলন খন্দকার বলেন, ‘যেভাবে নাশকতা চলছে, তাতে বিদ্যালয়ে ছেলেমেয়েদের পাঠিয়ে দুশ্চিন্তা করতে হচ্ছে। পাশাপাশি বইসহ শিক্ষা-উপকরণের দাম বেড়েছে।’
বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। পাশাপাশি কৃষকেরা উৎপাদিত শাকসবজি বিক্রি করতে এসে ন্যায্যমূল্য পাচ্ছেন না। সদর উপজেলার বালুয়া গ্রামের কৃষক মোস্তা মিয়া বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কেজিপ্রতি তিন থেকে চার টাকা বেড়েছে। সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট গ্রামের কৃষক সোলায়মান মিয়া বলেন, শীত মৌসুমে এখান থেকে শাকসবজি ঢাকায় পাঠানো হয়। কিন্তু অবরোধের কারণে এক বিঘা জমির বাঁধাকপি ও মুলা বিক্রি করতে না পারায় গরুকে খাওয়ানো হয়েছে।
শহরের সুখনগর এলাকার কলেজশিক্ষক সাখাওয়াত হোসেন বলেন, জেলার অনেক ফিলিং স্টেশনে ডিজেল ও পেট্রল পাওয়া যাচ্ছে না। জ্বালানি তেল ব্যবসায়ীরা বলছেন, অবরোধের কারণে তেল আনা যাচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে মোটরসাইকেল চলাচল বন্ধ হয়ে যাবে। বিশেষত আসন্ন বোরো মৌসুমে সেচসংকট দেখা দেবে।
গাইবান্ধা নাগরিক কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম জানান, এখানে রংপুর মেডিকেল কলেজ থেকে বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখতে আসতেন। অবরোধের কারণে তাঁরা আসতে পারছেন না। ফলে প্রতিদিন শত শত রোগী ফিরে যাচ্ছেন।
গাইবান্ধা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোরছেলিন পারভেজ বলেন, যানবাহন চলাচল বন্ধ থাকায় পণ্য আমদানি করা যাচ্ছে না। সরবরাহ কম হওয়ায় দামও বেড়েছে। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে উভয় দলের সমঝোতায় আসা জরুরি।