অবরোধে পর্যটকশূন্য রাঙামাটির রুইলুই

টানা অবরোধের কারণে পর্যটকশূন্য হয়ে পড়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে রুইলুই পর্যটনকেন্দ্র। ফলে এ কেন্দ্রের সঙ্গে যুক্ত লোকজন বিপাকে পড়েছেন।
২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাজেক এসে এ পর্যটনকেন্দ্র করার ঘোষণা দেন। পার্ক ও পিকনিক স্পট তৈরির পর ২০১৪ সালের অক্টোবর মাসে এটা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়।
সরেজমিনে দেখা গেছে, রুইলুই এলাকায় থাকার তিনটি হোটেল প্রায় অতিথিশূন্য। পর্যটনকেন্দ্রের আশপাশের খাবার, কাপড় ও নানা শৌখিন জিনিসের দোকানগুলোতেও কোনো ক্রেতা নেই।
সাজেক উন্নয়ন ফোরামের সদস্য লাল থাংয়া লুসাই বলেন, নভেম্বর ও ডিসেম্বর মাসে জায়গাটা পর্যটকদের ভিড়ে মুখর ছিল। তখন দৈনিক আট-দশ হাজার টাকার শুধু টিকিট বিক্রি হতো। প্রতি টিকিটের দাম ২০ টাকা। কিন্তু জানুয়ারি মাসে প্রতিদিন ১০০ টাকার টিকিটও বিক্রি হচ্ছে না।
ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক অনিল চাকমা বলেন, রুইলুই পর্যটনকেন্দ্র উঁচু পাহাড় হওয়ায় জিপ ও মোটরসাইকেল ছাড়া ওঠা যায় না। তাই পর্যটনকেন্দ্র হওয়ার পর শুধু পর্যটকদের যাতায়াতের জন্য ২০-৩০টি জিপ ও অর্ধশতাধিক মোটরসাইকেল চালু করা হয়। পর্যটক না আসায় এখন সবাই বেকার সময় কাটাচ্ছেন।