পাদুকা শ্রমিক হাসান মিয়ার (৪২) পরিবারে এখন দারুণ অভাব। পাঁচ সদস্যের পরিবারে তিনি একমাত্র উপার্জনক্ষম মানুষ। টানা অবরোধের নেতিবাচক প্রভাবে কর্মহীন হয়ে পড়েছেন তিনি।
হাসান মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর গ্রামের বাসিন্দা। শুধু তিনি নন, তাঁর মতো কিশোরগঞ্জের ভৈরবের প্রায় ৫০ হাজার পাদুকাশ্রমিকের পরিবারে এখন অভাব। অবরোধের কারণে বন্ধ হয়ে গেছে জুতা তৈরির অধিকাংশ কারখানা।
কর্মহীন হয়ে পড়া কালিকাপ্রসাদ গ্রামের হাবিব মিয়া (৪৫) বলেন, ‘জুতার গন্ধ নিয়া বড় হইছি। জুতার কাজ ছাড়া আর কিছু জানিও না। অবরোধের কারণে মালিক জুতা বাইরে পাঠাইতে পারে না। তাই কাজ নাই। খাওনও নাই।’
ভৈরব পাদুকা কারখানা মালিক সমিতির হিসাবমতে, উপজেলাটিতে ছোট-বড় কারখানার সংখ্যা প্রায় আট হাজার। এর মধ্যে হাজী মার্কেটে আছে এক হাজার, সালাম মার্কেটে ৫০০, লাল মিয়া-কালু মিয়া মার্কেট ১৫০, গোধূলিসিটি ১০০, শহীদুল্লাহ কায়সার মার্কেটে ১৫০ ও কাঞ্চন মিয়া মার্কেটে ৯৫টি কারখানা। বাকিগুলো ছড়িয়ে-ছিটিয়ে আছে উপজেলার কালিকাপ্রসাদ, শিবপুর ও গজারিয়া ইউনিয়নে। এসব কারখানায় অন্তত ৯০ হাজার শ্রমিক কাজ করছেন।
শনিবার সকালে সরেজমিনে বিভিন্ন জুতা কারখানায় দেখা যায়, অবরোধের কবলে পড়ে অর্ধেকের মতো কারখানার দরজায় তালা ঝুলছে। যেগুলো এখনো চালু রয়েছে, সেখানে শ্রমিক সংখ্যা কমিয়ে আনা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, অবরোধ শুরুর আগের দিনও হাজী মার্কেটের ইবি সুজ কারখানায় কাজ করতেন ১৮ জন শ্রমিক। অবরোধ শুরুর পর তা কমতে কমতে গত শনিবার ছিল মাত্র চারজন।
ইবি সুজ কারখানার শ্রমিক কাওসার মিয়া বলেন, ‘আমরার মাল (জুতা) বিক্রি হয় খুলনা ও ফেনীতে। অবরোধে একটা মালও পাঠানো যায় নাই। অথচ প্রতিদিন মালিকের খরচ আছে দেড় হাজার টাকার মতো।’
পাশের রিগেল সুজ কারখানায়ও একই অবস্থা। এ কারখানায় ১৭ জন শ্রমিক ছিলেন। এখন কাজ করছেন চারজন। এ চারজনের অন্যতম আবদুল আলী বলেন, ‘মালিক জানাইয়া দিছে, দুই-এক দিনের মধ্যে অবরোধ না ওঠালে আমরারও কাজ নাই।’
ভৈরব পাদুকা কারখানা মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম বলেন, দেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে না এলে উপজেলার জুতার সব কারখানায় তালা ঝুলবে। তিনি আরও বলেন, ‘এ উপজেলায় আমাদের হিসাবমতে এক লাখেরও বেশি পাদুকাশ্রমিক আছে। এ কয় দিনের অবরোধে তাঁদের অর্ধেকেরও বেশি বেকার হয়ে পড়েছে। আর উপজেলার অন্তত অর্ধেক পাদুকা কারখানা বন্ধ হয়ে গেছে।’
সরবরাহ বন্ধ থাকায় জুতা তৈরির কাঁচামাল বিক্রির প্রতিষ্ঠানগুলোতেও পড়েছে নেতিবাচক প্রভাব। লালু-কালু পাদুকা মার্কেটের আলম মেটিরিয়ালের মালিক জনি মিয়া গত শনিবার বলেন, ‘দুপুর হয়ে গেছে। অথচ এক টাকার মালও বিক্রি হয়নি। অবরোধ-টবরোধ বুঝি না। বুঝি আমাগো সর্বনাশ হইতাছে।’
হাজী মার্কেটের মা বক্স হাউজের শ্রমিক কামরুল মিয়া বলেন, শুধু পাদুকাশ্রমিক না। অবরোধের কারণে জুতার বাক্স তৈরির শ্রমিকেরাও বেকার হয়ে পড়েছে।