অবরোধের মুখে দোলনচাঁপা ট্রেন
বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহমদ কলেজ স্টেশনে আন্তনগর সব ট্রেনের যাত্রাবিরতির দাবিতে গতকাল শনিবার আন্তনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন অবরোধ করা হয়। ট্রেনটি আটকে রেখে বেলা ১১টার দিকে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন এলাকাবাসী।
সমাবেশে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। দোলনচাঁপা ট্রেনটি দিনাজপুর থেকে বগুড়ার সান্তাহার যাচ্ছিল।
সমাবেশে বক্তারা বলেন, সৈয়দ আহমদ কলেজ বাজার এলাকায় লোকাল ট্রেনগুলো যাত্রীর চাপ সামলাতে সারা বছর হিমশিম খাচ্ছে। এই স্টেশন থেকে বিপুল যাত্রী ট্রেনে যাতায়াত করায় রেলওয়ে প্রতিবছর বিপুল অঙ্কের রাজস্ব আয় করছে। অথচ এই স্টেশনে আন্তনগর কোনো ট্রেন যাত্রাবিরতি করে না। ১৭ থেকে ১৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাত্রীদের বগুড়া স্টেশনে গিয়ে আন্তনগর ট্রেনে উঠতে হয়। এতে অর্থের অপচয়সহ ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা।
অবরোধকারীরা অভিযোগ করেন, আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি চেয়ে রেল বিভাগে লিখিত আবেদন করা হয়েছে। কিন্তু তাতে কোনো সাড়া মেলেনি। আগামী এক মাসের মধ্যে এই স্টেশনে আন্তনগর ট্রেন যাত্রাবিরতি না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশে সৈয়দ আহমেদ কলেজ স্টেশন আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি বাস্তবায়ন কমিটির নেতাদের মধ্যে নূরে আলম, শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
বগুড়া রেলস্টেশনের মাস্টার নজরুল ইসলাম বলেন, ‘ট্রেনটি পথিমধ্যে অবরোধের মুখে পড়েছিল কি না, তা আমাদের জানানো হয়নি।’