অবরোধ-হরতালের সুযোগে চাঁদপুরে চলছে জাটকা নিধন
১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চির নিচে ইলিশের পোনা (জাটকা) ধরা বা বাজারজাত সম্পূর্ণ নিষিদ্ধ হলেও চাঁদপুরের পদ্মা-মেঘনায় চলছে ব্যাপক জাটকা নিধন। আর এসব জাটকা যাত্রীবাহী লঞ্চে করে নেওয়া হচ্ছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায়। টানা অবরোধ-হরতালে প্রশাসন নাশকতা রোধে ব্যস্ত থাকায় একশ্রেণির জেলে সুযোগটি নিচ্ছেন।
চাঁদপুর মৎস্য আড়তের ব্যবসায়ী আবদুল মালেক খন্দকার বলেন, চাঁদপুরে এখন প্রকাশ্যে যেভাবে জাটকা ধরা হচ্ছে, আগে তা হয়নি। তিনি বলেন, জাটকা রক্ষায় সবার আগে কারেন্ট জাল উৎপাদন ও বিক্রি বন্ধ করতে হবে। এ ছাড়া বছরের এ সময়টাতে জেলেদের নদীতে নামা থামাতে হবে।
জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান বলেন, এবার অন্য বছরের তুলনায় অনেক আগেই জানুয়ারির শুরুতে নদীতে জাটকা চলে এসেছে। আর জেলেরাও হরতাল-অবরোধের সুযোগ কাজে লাগিয়ে কারেন্ট জাল দিয়ে এসব জাটকা ধরছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাশকতা রোধে বেশি তৎপর থাকায় নদীতে তেমন একটা অভিযান পরিচালনা করা যাচ্ছে না।
এদিকে কোস্টগার্ড বিভিন্ন যাত্রীবাহী লঞ্চে প্রায়ই অভিযান চালিয়ে বিপুল পরিমাণে জাটকা জব্দ করলেও এসব লঞ্চের মাস্টার বা মালিকের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়নি বলে খোঁজ নিয়ে জানা গেছে। ফলে যাত্রীবাহী লঞ্চগুলোতে জাটকা পরিবহন চলছেই।
চাঁদপুরের বিআইডব্লিউটিএর উপপরিচালক মোবারক হোসেন বলেন, ‘লঞ্চে জাটকা পরিবহন করা হলে তা নৌপুলিশের দেখার কথা। আমাদের কিছু করার নেই।’
কিন্তু নৌপুলিশের বিরুদ্ধে উৎকোচ নিয়ে লঞ্চগুলোতে জাটকা পরিবহনে ছাড় দেওয়ার অভিযোগ রয়েছে। চাঁদপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মনির আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুয়ায়ীই আমরা কাজ করি।’
কোস্টগার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার লে. হাবিবুর রহমান বলেন, ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত গত এক মাসে চাঁদপুরের মাছঘাট ও বিভিন্ন যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ১২ টন জাটকা জব্দ করা হয়েছে।
এ ছাড়া আটক করা হয়েছে ৫৪ লাখ ৮৫ হাজার মিটার কারেন্ট জাল। জাটকা ধরার অপরাধে এ পর্যন্ত ২০ জনের কাছ থেকে জেলা মৎস্য বিভাগ ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে।