অবশিষ্ট গাছ দুটিও কেটে নেওয়ার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার বিভাগ্দী গ্রামের কাছে সড়কের আরও দুটি গাছ গতকাল রোববার কেটে নেওয়ার চেষ্টা হয়েছে। এদিকে শুক্রবার কেটে নেওয়া গাছ দুটি গতকাল পর্যন্ত উদ্ধার হয়নি। এ ঘটনায় কোনো মামলাও হয়নি।
এলাকার কয়েকজন ও ইউনিয়ন ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, শংকরপাশা-ভাটপাড়া সড়কের ওই চারটি সরকারি গাছ বিক্রি করে দিয়েছেন স্থানীয় বাঘুটিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান মোড়ল ওরফে মনা। গাছ চারটির আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা। এর মধ্যে দুটি মেহগনি গাছ গত শুক্রবার কেটে নেওয়া হয়। গতকাল পর্যন্ত তা উদ্ধার হয়নি।
বাঘুটিয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, বিক্রি করে দেওয়া বাকি দুটি রেইনট্রি গাছ গত শনিবার কাটছিলেন কয়েকজন শ্রমিক। খবর পেয়ে তিনিসহ ভাটপাড়া তদন্ত কেন্দ্রের কয়েকজন পুলিশ সদস্য সেখানে যান। তাঁদের দেখে শ্রমিকেরা পালিয়ে যান। গতকাল সকালে আবার গাছ কাটা শুরু করেন শ্রমিকেরা। খবর পেয়ে বেলা ১১টার দিকে তিনি সেখানে গেলে ওই শ্রমিকেরা পালিয়ে যান। তার আগেই একটি গাছ কেটে ফেলা হয়। পরে জেলা পরিষদের লোকজন সেখানে আসেন।
যশোরের মনিরামপুরভিত্তিক বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট পার্টনার (ডিপি) ১৯৯৩ সালে গাছগুলো লাগিয়েছিল। জেলা পরিষদের জায়গা হওয়ায় গাছগুলোর মালিক তারাই। গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা করেনি তারা।
যশোর জেলা পরিষদের সার্ভেয়ার এম এ মঞ্জু বলেন, গাছগুলো চুরি করে বিক্রি করে দেওয়া হয়েছে। কেটে ফেলা গাছটি স্থানীয় আনসার কমান্ডার আমির আলীর জিম্মায় রাখা হয়েছে। এ ব্যাপারে শিগগিরই মামলা করা হবে।
যশোর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, জেলা পরিষদের গতকালের সাপ্তাহিক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যারা সরকারি গাছ বিক্রি করেছে, তাদের বিরুদ্ধে আজই (সোমবার) মামলা করা হবে।