অবশেষে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ নিজ খরচেই কেটে দেওয়া বাঁধ নির্মাণ করে দিলেন। গতকাল সোমবার প্রাইমারি প্রকল্প চালু করে সেকেন্ডারি ১৭টি প্রকল্পে পানি সরবরাহ শুরু করেছেন প্রকল্প ব্যবস্থাপকেরা। এতে হতাশ কৃষকদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের মাহিলাড়া বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে সেতুর গোড়ায় ও মাহিলাড়া লাল পোলের গোড়ায় দুটি প্রাইমারি সেচ প্রকল্পের বাঁধ কেটে সেকেন্ডারি ১৭টি প্রকল্পে পানি সরবরাহ বন্ধ করে দেন ইউপির চেয়ারম্যান সৈকত গুহ। এতে ছয় দিন প্রায় আড়াই হাজার একর জমিতে সেচ সরবরাহ বন্ধ থাকে। সেচ দিতে না পারায় কৃষকদের মধ্যে শঙ্কা ও হতাশা দেখা দেয়।
বাটাজোর ইউপির চেয়ারম্যান ও বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবাদুর রব হাওলাদার বলেন, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ ১৭টি প্রকল্পের পানি সরবরাহ বন্ধ করে দেওয়ায় গত ছয়-সাত দিনে কৃষকদের অপূরণীয় ক্ষতি হয়েছে। এই সময়টি বোরো মৌসুমের ধানগাছের গোড়ায় সার্বক্ষণিকভাবে পানি থাকা জরুরি ছিল। কিন্তু চেয়ারম্যান পানি বন্ধ করে দেওয়ায় ধানের খেত শুকিয়ে গেছে। সাধারণ কৃষকদের স্বার্থ সংরক্ষণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব আলমের উদ্যোগে গত রোববার তাঁর সঙ্গে মাহিলাড়া ইউপির চেয়ারম্যানের সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শুধু চলতি বছরের জন্য মাহিলাড়া ইউনিয়ন থেকে প্রাইমারি সেচ প্রকল্পের মাধ্যমে পানি সরবরাহের সিদ্ধান্ত হয়।