অবশেষে এলাকাবাসীর হাতে ধরা পড়ল তিন ছিনতাইকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার মনির উদ্দিন আকন্দ সড়কের বিজয়পুর এলাকায় মোটরসাইকেল ছিনতাইয়ের সময় তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। সম্প্রতি সংঘবদ্ধ একটি চক্র লালপুরসহ জেলার বিভিন্ন স্থানে মোটরসাইকেল ছিনতাইয়ে তৎপর ছিল। মোটরসাইকেল ছিনতাইয়ের সময় ছিনতাইকারীদের গুলিতে এক কলেজশিক্ষকসহ কয়েকজনের হতাহতের ঘটনাও ঘটে।
গতকাল ছিনতাইয়ের কবলে পড়া উপজেলার বিজয়পুর গ্রামের আজগর আলী বলেন, বেলা দুইটার দিকে তিনি মোটরসাইকেলে করে গোপালপুর থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় খাঁ পাড়া রাস্তার সংযোগ স্থলে পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা পাঁচ ছিনতাইকারী তাঁর পথ আটকে দেয়। এ সময় তিনি কৌশলে অত্যন্ত ক্ষিপ্রগতিতে মোটরসাইকেল নিয়ে সড়কের পাশ দিয়ে গ্রামের ভেতরে ঢুকে পড়েন। তিনি চিৎকার করে তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে লোকজন চারদিক দিয়ে ওই এলাকা ঘিরে ফেলেন। তখন রেজিস্ট্রেশন নম্বরবিহীন একটি মোটরসাইকেলসহ তিন ছিনতাইকারীকে আটক করা হয়। তবে অন্য মোটরসাইকেলটিতে করে অপর দুই ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়।
আটক ছিনতাইকারীরা হচ্ছে লালপুরের কাশিমপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আবু বক্কার (৩০), বড়াইগ্রামের কচুয়া গ্রামের মহাসিন আলীর ছেলে রেজাউল করিম (২২) ও নারায়ণপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শামীম হোসেন (২৩)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী আটক যুবকদের তাদের হাতে তুলে দেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, সম্প্রতি লালপুরসহ জেলার বিভিন্ন স্থানে একটি চক্র প্রকাশ্যে গুলি করে চালকদের হতাহত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনায় আটক তিন যুবক জড়িত কি না, তা তদন্ত করে দেখা হবে।