অবশেষে গ্রেপ্তার দেখানো হলো বাইট্টা আলমগীরকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীর্ষ সন্ত্রাসী আলমগীর কবির ওরফে বাইট্টা আলমগীরকে গতকাল চট্টগ্রাম আদালতে হাজির করা হয় l ছবি: প্রথম আলো
শীর্ষ সন্ত্রাসী আলমগীর কবির ওরফে বাইট্টা আলমগীরকে গতকাল চট্টগ্রাম আদালতে হাজির করা হয় l ছবি: প্রথম আলো

অবশেষে ফেঁসে গেলেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী আলমগীর কবির ওরফে বাইট্টা আলমগীর। কারাগারে আটক থাকলেও তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া পুলিশকে হত্যা প্রচেষ্টার একটি মামলায় ১২ বছর ধরে তাঁকে আদালতে হাজির করা হয়নি। কারা রেজিস্ট্রার ও তাঁর হাজতি পরোয়ানায়ও ছিল না সেই মামলার তথ্য। পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই মামলার নথিতে বাইট্টা আলমগীরকে পলাতক আসামি দেখানো হয়েছিল।
গতকাল মঙ্গলবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী আসামি বাইট্টা আলমগীরকে ওই মামলায় গ্রেপ্তার দেখান। তাঁর উপস্থিতিতে দুজন সাক্ষীর সাক্ষ্যও গ্রহণ করা হয়। আগামী রোববার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
৮ নভেম্বর প্রথম আলোতে ‘তিনি কারাগারে, পুলিশ বলছে পলাতক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিষয়টি সবার নজরে আসে।
র্যাব-পুলিশের তালিকাভুক্ত বাইট্টা আলমগীর শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অন্যতম সহযোগী। ২০০০ সালে নগরে ছাত্রলীগের আট নেতা খুনের মামলা ও অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি তিনি।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবিদ হোসেন বলেন, প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর কারাগারে আটক বাইট্টা আলমগীরকে গ্রেপ্তার দেখাতে রাষ্ট্রপক্ষ ৯ নভেম্বর আদালতে আবেদন করেন। আদালত ধার্য দিনে শুনানির দিন ধার্য রাখেন এবং আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করতে পিডব্লিউ (প্রোডাকশন ওয়ারেন্ট) জারি করেন। এরপর গতকাল বাইট্টা আলমগীরকে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এ সময় দুই পুলিশ সাক্ষী রফিকুল ইসলাম ও মনিরুজ্জামানের সাক্ষ্যও নেন আদালত।
কারা রেজিস্টারে দেখা গেছে, ২০০২ সালের ১৯ সেপ্টেম্বর কারাগারে আসেন বাইট্টা আলমগীর। তাঁর বিরুদ্ধে চার মামলা রয়েছে। এর মধ্যে তিন মামলায় সাজা হয়েছে। বর্তমানে তাঁর বিরুদ্ধে বিচার চলছে শুধু পাঁচলাইশ থানার একটি হত্যা মামলার। সর্বশেষ গতকাল নগরের বায়েজীদ বোস্তামী থানার পুলিশকে হত্যা প্রচেষ্টার মামলাটি তাঁর হাজতি পরোয়ানাতে লিপিবদ্ধ হয়।
মামলার নথিতে দেখা গেছে, ২০০১ সালের ২ অক্টোবর নগরের বায়েজীদ বোস্তামী চালিতাতলী এলাকায় অভিযান চালালে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হলে তদন্ত শেষে অস্ত্র আইনে ও পুলিশকে হত্যা প্রচেষ্টার অভিযোগে সাজ্জাদ আলী খান ও বাইট্টা আলমগীরকে অভিযুক্ত করে ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করে পুলিশ। তখনো কারাগারে ছিলেন বাইট্টা আলমগীর।